বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডাকসুর সংগ্রহশালার ছবির সংগ্রহকে কেন্দ্র করে। এবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান কবি-সাহিত্যিকের একাংশ’ শিরোনামে ডাকসু সংগ্রহশালায় টানানো একটি ছবি নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।
বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা যায়, যে সাহিত্যিকদের নাম সেখানে উল্লেখ করা হয়েছে সেগুলোর সাথে তাদের চেহারার কোনো মিলই নেই। ছবিতে যে ৬ জন সাহিত্যিকের নাম উল্লেখ ছিল, তারা হলেন- মুহম্মদ এনামুল হক, আবুল কাসেম ফজলুল হক, জসীমউদ্দীন, মুনীর চৌধুরী, আসাদ চৌধুরী এবং আবুল ফজল।
এর মধ্যে মুহম্মদ এনামুল হক ছাড়া বাকি সবার চেহারার ধরণ কাছাকাছি ছিলো। যা এআই দ্বারা নির্মিত ছবির অন্যতম বৈশিষ্ট্য। বিষয়টি নজরে পড়েছে অনেকের।
জ্যোতিকা জ্যোতি নামে একজন লিখেছেন, ‘মনির চৌধুরী আর আবুল কাশেম মনে হচ্ছে একই ছবি, একটা চশমা পরা অন্যটা চশমা ছাড়া।’
তবে ফ্রেমে থাকা একমাত্র ভিন্ন ছবি ছিলো মুহম্মদ এনামুল হকের। সেখানেও ভুল করেছে ডাকসু। লেখক মুহম্মদ এনামুল হকের স্থলে সাবেক আইজিপি ড. এম. এনামুল হক এর ছবি ব্যবহার করা হয়েছে।
গতকাল ১৬ সেপ্টেম্বর লেখক আখতারুজ্জামান আজাদ তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান কবি-সাহিত্যিকের একাংশ শিরোনামে’ ডাকসু সংগ্রহশালায় কিছু ছবি দেখতে পেলাম।
ক) এই ফ্রেমে ‘আবুল কাসেম ফজলুল হক’ নামক একজনকে দেখতে পাচ্ছি। আবুল কাসেম ফজলুল হক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যে প্রয়াত অধ্যাপককে আমরা চিনি, যিনি বাংলা অ্যাকাডেমির সভাপতিও ছিলেন; সেই আবুল কাসেম ফজলুল হক আর ছবির ‘আবুল কাসেম ফজলুল হক’ এক ব্যক্তি না। তা হলে ছবির ‘আবুল কাসেম ফজলুল হক’ কে? ওঁর পরিচয় কী? এই আবুল কাসেম ফজলুল হক কি কোনোভাবে সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মীয়? এই আবুলের চেহারা অনেকটা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো।
খ) ‘জসীমউদ্দীন’ নামক যে-ব্যক্তির ছবি এখানে দেখা যাচ্ছে, তিনি কোন জসীমউদ্দীন? পল্লিকবি বলতে যাকে আমরা চিনি, তার নামের বানান পাঠ্যপুস্তকে ‘জসীমউদ্দীন’, কোনো-কোনো ঐতিহাসিক কাগজপত্রে ‘জসীম উদ্দীন’। বানান যা-ই হোক, জসীমউদ্দীন বা জসীমউদ্দীন নামে পল্লিকবি বাদে আর কোনো কবি-সাহিত্যিককে আমরা চিনি না এবং ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি পল্লিকবি জসীমউদ্দীন নন। তা হলে ডাকসু সংগ্রহশালার দেয়ালে ঝুলে থাকা এই ‘জসীমউদ্দীন’ কোথাকার জসীমউদ্দীন?
গ) আসাদ চৌধুরী বলতে আমরা চিনি ‘বারবারা বিডলারকে’ বা ‘কোথায় পালাল সত্য’ কবিতার রচয়িতা আসাদ চৌধুরীকে; যার দাড়িও ছিল, পান চিবোতেন সারাদিন। কিন্তু এই ছবির ‘আসাদ চৌধুরী’ কে? এই ফ্রেমের ‘জসীমউদদীন’ এবং ‘আসাদ চৌধুরী’র চেহারা একই না? ‘জসীমউদ্দীন’ নামে যার ছবি এখানে দেখানো হয়েছে, তার ছবিই এডিট করে চশমা ও সুট বসিয়ে এই ‘আসাদ চৌধুরী’র ছবি তৈরি করা হয়েছে না?
ঘ) এই ফ্রেমে ‘মুনীর চৌধুরী’ নামক যে-ব্যক্তির ছবি রাখা হয়েছে, তিনি কোন মুনীর চৌধুরী? ‘কবর’ বা ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের রচয়িতা বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ অধ্যাপক যে মুনীর চৌধুরীকে আমরা চিনি, এই ছবি তার না। তা হলে ছবির এই ‘মুনীর চৌধুরী’ কে? এই ‘মুনীর চৌধুরী’র ডানচোখের কোণায় চশমার ফ্রেম দেখা যাচ্ছে। অর্থাৎ মূল ছবিতে এই ব্যক্তির চোখে চশমা ছিল? এডিট করে চশমা বাদ দেওয়া হলো কেন? বাদই যখন দেওয়া হলো, তখন এডিটটা এত কাঁচাহাতে করা হলো কেন? কেন চশমার ফ্রেমের একাংশ রয়ে গেল? এই ‘আবুল কাসেম ফজলুল হক’ আর এই ‘মুনীর চৌধুরী’র চেহারায় এত মিল কেন? একই ব্যক্তির ছবি এডিট করে কি তা হলে দুটো ছবি বানানো হয়েছে?
ঙ) এই ফ্রেমের আবুল ফজল কোন আবুল ফজল? এঁর পরিচয় কী? সাহিত্যিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আবুল মোমেনের বাবা আবুল ফজলের চেহারা তো এমন না!
ছবিগুলো যে এআই দিয়ে তৈরি তা যাচাইয়ে নিশ্চিত হয়েছে বেঙ্গল লেন্স।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এআই দিয়ে ছবিগুলো সম্পাদনার কথা স্বীকার করেছেন বেঙ্গল লেন্সের কাছে।
তিনি বলেন, ‘ডিজাইনার মূল ছবিটির কোয়ালিটি এআই দিয়ে বাড়াতে গিয়ে কয়েকটি ছবির চেহারা পরিবর্তন হয়ে যায়। ছবিটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।’
ছবির এই ত্রুটি ফেসবুকে বিতর্ক সৃষ্টি হওয়ার পরে চোখে পড়েছে, নাকি আগে—এমন প্রশ্নের জবাবে জুমা বলেন, ‘প্রথমদিনই চোখে পড়েছে। প্রথমদিনই দেখেছি আমি। এরপর ছবি আবার ডিজাইন করে আজ সংগ্রহশালায় লাগিয়ে দেওয়া হয়েছে।’