জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আধিক্য রয়েছে।

কমিটি নিয়ে বেঙ্গল লেন্সের বিশ্লেষণ ও একাধিক পদধারী নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ ঢাবির ১০২ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন। ১৯৫ সদস্য বিশিষ্ট কমিটির পাশাপাশি ১৬ সদস্য বিশিষ্ট রাজনৈতিক পর্ষদ সদস্যের (পিসি) কমিটিও ঘোষণা করা হয়।

সেখানে মাহমুদা আলম মিতু, আরিফুল ইসলাম আদীব ও সরোয়ার তুষার ছাড়া বাকি ১৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে এক কেন্দ্রীয় নেতা বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেন, তার প্রাথমিক হিসাবেও ১০২ জন অন্তত ঢাবির পাওয়া যাচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী , চট্টগ্রাম, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি ঢাবির তুলনায় উল্লেখযোগ্য হারে কমিটিতে কম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় তারুণ্য নির্ভর এ দলের ইনক্লুসিভনেস (অন্তর্ভুক্তিমূলকত) নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ইতিমধ্যে এনসিপির ডায়াসপোরা কমিটির সঙ্গে উল্লাস জায়েদ কমিটি প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরাম নিয়ে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দেন। তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক পর্ষদ সদস্যের ১৬ জনের মধ্যে ১৩ জন ঢাবির উল্লেখ করে তা সামঞ্জস্য করা গেলে ভারসাম্য হত বলে উল্লেখ করেন। ফেসবুক স্ট্যাটাস উল্লাস জায়েদ লিখেন, ‘এনসিপির ১৯৩ জনের নতুন কেন্দ্রীয় কমিটির ভাই ব্রাদার সিস্টারদের অভিনন্দন। মূল ক্ষমতা বা স্টিয়ারিং থাকছে ছবির রাজনৈতিক পর্ষদ বা পিসি কমিটির হাতে। এদের হাতেই ছিল। ১৬ জনের বিরাট কমিটি কিভাবে সিদ্ধান্ত নেয় জানি না। কমিটি যত বড় করবেন সিদ্ধান্ত নেয়া তত কঠিন হবে। নাম্বার করতে হয় বেজোড়, নাইলে টাই হইয়া যাইতে পারে। হয়তো ১৬ জনের ১৩ জন ঢাবির হওয়ায় কাজটা সহজ হয় (বাকি তিন জনকে ছবিতে হাইলাইট করা হইসে)। এইটাই ঐতিহাসিক ঢাবি কোরাম। এনসিপির বড় হবার স্বার্থেই কিছু ঢাবি ভাই ব্রাদারদের স্বেচ্ছায় পিছের সারিতে জাওয়া উচিত। আপনারা ইয়াং, সামনে পুরাটা জীবণ পড়ে আছে। এনসিপি বড় হইলে সেটার সুফল আপনারাই পাবেন। আপনারা যদি বিএনপির বৃদ্ধদের মতো হইতেন যে আজ বাদে কাল মরে যাবেন, এবারই শেষ ক্ষমতায় আসছেন, তাইলে অন্য কথা ছিল। আপনারা ক্ষমতাতেই নাই। তাইলে কেন ক্লোজড ডোর কোরাম?’

উল্লাস জায়েদ তার ফেসবুক পোস্টে ‘আমার প্রস্তাব’ হিসেবে বেশ কয়েকটি প্রস্তাবও যুক্ত করেন। তিনি তার পোস্টে লিখেন, ‘দল বিকশিত করার স্বার্থে এই ঢাবি কোরাম পিসি কমিটির অর্ধেকের চেয়ে এক বেশি রেখে, বাকি পদে নানান শ্রেণী পেশার লোকজনকে যুক্ত করেন। তাও না পাইলে, অন্তত ঢাবির বাইরের পাব্লিক-প্রাইভেট ভার্সিটি, মাদ্রাসা থেকে যুক্ত করেন। কন্ট্রোল আপনাদের কোরামেরই থাকলো, কিন্তু দরজাটা একটু খুলে দিলেন। এমনও করতে পারেন, কোরামের অর্ধেক এক বছর থাকলে, বাকি অর্ধেক পরের বছর। আমি জানি এইটুকুও আপনাদের জন্য অনেক ঝামেলার। এইতো ভালোই চলছে, কি দরকার- এমন মনে হচ্ছে। কিন্তু কসম, এইটা না করলে এনসিপিতে নন-ঢাবি কেউ বেগার খাটবে না। প্রথম বার সরকার চালানোর জন্য আপনারা প্রস্তুত ছিলেন না (৫ আগস্টের পর)। ভুলচুক যাই হইসে ইন্টেরিমের আমলে, পাব্লিক ক্ষমা করে দিছে। কারণ কেউই প্রস্তুত ছিল না। কিন্তু যদি বিএনপি সরকার মেয়াদের আগেই পড়ে যায়, তখন আর 'প্রস্তুত না', 'বয়স কম' এইসব বললে লোকে মাফ করবে না।’ এনসিপির সাবেক যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গণবিপ্লবী উদ্যোগের নেতা খান মুহাম্মদ মুরসালীন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আজ একটা দলের 'গর্বিত ঢাবিয়ান'দের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পাবলিশ হলো মনে হয়। আশা করি ন্যাশনাল কমিটিও শিঘ্রই পাবলিশ হবে। শুভকামনা রইলো…।’

কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম হামিদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা যায়। যুবশক্তি, নারীশক্তি ও স্বেচ্ছাসেবক শক্তি পুনর্গঠন হলে এ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তিনজন শিক্ষার্থী কমিটিতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন একাধিক কেন্দ্রীয় নেতা। সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এহসানুল মাহবুব জোবায়েরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি বেঙ্গল লেন্সকে বলেন, ‘এনসিপি আত্মপ্রকাশের দেড় বছর পর কমিটি পুনর্গঠন করা পার্টির গতিশীলতার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের অভ্যন্তরীণ কার্যক্রমের মূল্যায়নও করা হলো। আগামীর রাজনীতি তারুণ্য নির্ভর, পলিসি নির্ভর। যিনি যত বেশি জনসম্পৃক্ত থাকবে, তিনি রাজনীতিতে টিকে থাকবে। তবে কেন্দ্রীয় কমিটিতে ঢাবির পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে উল্লেখযোগ্য নেতৃত্ব তুলে নিয়ে আসতে পারলে আরও ভালো হতো।’

জুলাইযোদ্ধা, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন বেঙ্গল লেন্সকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বড় একটা অংশ এনসিপির নানা উইংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি এনসিপির সঙ্গে যুক্ত না, নানা সময়ে এনসিপির ক্রিটিসিজম করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই আসলে রাজনীতিতে আসতে চান না তারপরও এনসিপি বিশাল একটা অংশকে নিয়ে আসছে। আমি মনে করি এই সংখ্যাটা আরও বেশি হতে পারত। তবে আমি অসন্তুষ্ট না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরও ইন্টেলেকচুয়াল লোকজন আছে, তাদেরকে যুক্ত করতে পারলে ভালো হয়।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় আলাপটা আসে যে— বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম যুক্ত হয় সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি থাকে। বিষয়টি সত্য। তারপরও এনসিপি আরও অনেককে যুক্ত করবে বলে আশা রাখি।’

বড় পদে রদবদল

কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আর সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে আগের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা হয়েছেন যুগ্ম সদস্যসচিব।

সাত পদ বিলুপ্ত

নতুন এ কমিটির মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কাঠামো থেকে সাতটি পদ বিলুপ্ত করা হয়।এগুলো হলো- মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৬ জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটিতে কোনো সম্পাদকীয় পদ ছিল না, তবে পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদে ৩২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে এক-দুজন করে সহসম্পাদক আছেন। এছাড়া, কমিটিতে ১১ জনকে সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জনকে কমিটিতে সদস্য করা হয়েছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কমিটি নিয়ে যাত্রা শুরু করেছিল এনসিপি। পরে কমিটিতে কিছু সংযোজন-বিয়োজন হয়েছে। এখন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন গত এপ্রিলে দলটিতে যোগ দেওয়া অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা, বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এবং জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেল। তারা নতুন এ কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন।

আট সংসদ সদস্য কে কোথায়

কমিটিতে শীর্ষ ছয়ে এনসিপির আট সংসদ সদস্যের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রয়েছেন। বাকি পাঁচ সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে দলের শীর্ষ ছয় নেতা ছাড়া অন্য ১০ জন হলেন- আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

এনসিপির মিডিয়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত বেঙ্গল লেন্সকে বলেন, ‘১৯৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই করে এ কমিটি করা হয়েছে। তারুণ্য নির্ভর এ রাজনৈতিক দল জুলাই গণ-অভ্যুত্থানের ফলে জনগনের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কাজ করবে।’