ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামীর ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণ। আওয়ামী লীগ ও বিএনপিপন্থী হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তি ও অ্যাক্টিভিস্টের পোস্টে তাঁকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অশালীন ভাষা ও রাজনৈতিক তকমা দিয়ে হেনস্তা করতে দেখা গেছে।

মোনামীর ভাষ্য অনুযায়ী, ভিডিওটি প্রথমে তাঁর এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তবে ভিডিওটি কীভাবে বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন এই শিক্ষিকা। ভাইয়ের বিশেষ দিনে নাচার দীর্ঘদিনের ইচ্ছা ছিল জানিয়ে তিনি বলেছেন, আবারও এমন সুযোগ এলে একই কাজ করবেন। নাচের কারণে কোনম লজ্জা বা বিব্রতবোধ নেই তাঁর।

বিএনপিপন্থীদের অশ্লীল আক্রমণ

ভিডিওটি নিয়ে বিএনপিপন্থী হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট করা হয়েছে। এসব পোস্টে মোনামীর নাচকে রাজনৈতিক বিদ্রূপের উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল ভিডিওটি শেয়ার করে লেখেন, “গোপালগঞ্জে আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জামায়াতে ইসলামীর "মোনামীর আফার সুনামী ড্যান্স"!” তাঁর পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, “জান্নাতি হুরের রেট টা জানালে আমার বিয়েতেও ট্রাই করে দেখতাম ভাই😎”

নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট নাজমুস সাকিব নাচের ভিডিওটি শেয়ার করে লেখেন, “মুনাফেক জামায়াতে ইসলামীর বিনোদন শাখার 'হালাল' নর্তকীর 'হালাল' ড্যান্স! মোনামীর 'সুনামি ড্যান্স'!”

একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করে বিএনপিপন্থী হিসেবে পরিচিত ‘মগবাজার’ নামের একটি পেজও। ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদও ভিডিওটি শেয়ার করে একই মন্তব্য করেন।

বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট তানভীর আহমেদ সোহেল লেখেন, “গণতন্ত্রের সুফল ভোগ করছেন জামাতের সেবাদাসীরাও,দেখে ভাল লাগছে৷ সকল নাগরিকের অধিকার আদায়ে আমাদের এই সংগ্রাম জারি থাকবে৷”

‘বাংলাদেশ ন্যাশানাআলিস্ট পার্টি বিএনপি’ নামের একটি গ্রুপে ভিডিওটির সঙ্গে শহীদ ওসমান হাদিকে নিয়ে রচিত একটি গান যুক্ত করে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “জামায়াতের পক্ষে আপনাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। নেচে নেচে হাদীকে স্মরণ করলেন মোনামি।”

অন্যদিকে, ‘ন্যাশনালিস্ট জবরুল’ নামের একটি আইডি থেকে আরও অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষায় তাঁকে আক্রমণ করা হয়। ওই আইডির পোস্টে লেখা হয়, “জামাতী নর্তকী মোনামীর মা***র হালাল হাদি জুস ✅🧠 “

নিষিদ্ধ আওয়ামী লীগপন্থীদের আক্রমণ

শুধু বিএনপিপন্থীরাই নন, ভিডিওটি নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবেও পরিচিত বিভিন্ন অ্যাক্টিভিস্ট ও ব্যক্তিরাও মোনামীকে লক্ষ্য করে বিদ্রূপাত্মক ও অশালীন মন্তব্য করেছেন।

আলোচিত আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট অরণ্য অর্ণব ভিডিওটি নিয়ে লেখেন, “আমি তো ভয়ে ছিলাম কখন সুপারি গাছ থেকে তাল ছিড়ে মাটিতে পড়ে। না মানে যেভাবে দুলছিলো 🤦‍♂️”

তাওহীদ ইসলাম হৃদয় নামের একজন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট লেখেন, “শীতের রাতে উষ্ণতা ছড়াতে চলে আসলো সবার প্রিয় সেস্কি মোনামী ম্যাম।” তার আইডিতে অসংখ্য আওয়ামী লীগের পক্ষের পোস্ট রয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক সাকিব মাহমুদ লেখেন, “শিবিরের দাসী মোনামী হাদী হত্যার বিচার চাইতেসে।”

জামিল উদ্দীন জুয়েল নামের একজন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট মোনামীকে নিয়ে অত্যন্ত অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে লেখেন, “জামাতি, জামাতি শুয়োরদের জারজ শিবিরের পছন্দের স্মার্ট নর্তকী শিক্ষিকা, ঢাবির মাদ্রাসা শাখার আইডল বিশিষ্ট পতিতা মোনামী🙂 জামাতি ও জামাতি শুয়োরদের জারজরা যে জঘন্য এবং তাদের পক্ষে যদি একজন পতিতা একটা কথা বলে তাহলে তারা সেই পতিতাকে আইডল মানা শুরু করে দেয়🙂”

এ ছাড়া ‘জয় বাংলা’ নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, “জামায়াতের সেবাদাসী মোনামী ম্যামের নাঁচে নায়িকারাও হার মানবে🤣🤣🤣”

হেনস্তায় বিএনপি আওয়ামী ঐক্য

ভিডিওটি নিয়ে করা এসব পোস্ট পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপিপন্থী হিসেবে পরিচিত দুই পক্ষের রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও মোনামীকে আক্রমণের ক্ষেত্রে তাদের ব্যবহৃত ভাষা ও কৌশলে মিল রয়েছে। তাঁর নাচকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করে বিদ্রূপ করা, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা এবং ব্যক্তিগত মর্যাদাহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে।

বিশেষ করে, একটি পারিবারিক অনুষ্ঠানে একজন নারীর নাচের ভিডিওকে কেন্দ্র করে তাঁকে 'পতিতা', 'নর্তকী' কিংবা 'সেবাদাসী' আখ্যা দেওয়া এবং তাঁর শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার মধ্য দিয়ে অনলাইন আক্রমণের ধরনটি আরও স্পষ্ট হয়ে উঠেছে।