গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যায় অভিযুক্ত হিসেবে সিএনজি অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে ধানখেত থেকে কিশোরী তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে ছিল ঘাতকের হাত থেকে তাজমিনের বাঁচার জন্য ধস্তাধস্তি ও দৌড়াদৌড়ির প্রমাণ। বাাঁচার চেষ্টা হিসেবে মুঠোফোেনে বাবাকে লাইভ লোকেশন শেয়ার করে এসএমএসও পাঠিয়েছিল তাজমিন। তাজমিনের মর্মান্তিক হত্যাকান্ডে দেশের সামগ্রিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে যখন চায়ের দোকান থেকে সামাজিক মাধ্যম নাগরিক পরিসরে সর্বত্র আলোচনা চলছে তখন আরেকদিকে তার চরিত্র বিশ্লেষণ ও ভিক্টিম ব্লেমিংয়ের উৎসবে মেতে উঠেছে খোদ মিডিয়া। মিডিয়ার উস্কানিতে তাজমিনকে নিয়ে কটূক্তি আর নিন্দামন্দের আসর বসেছে সামাজিক মাধ্যমেও।
তাজমিনকে নিয়ে একুশে টেলিভিশন “নিজের দোষে ধর্ষিত তাজমিন ? ৬ মাস আটকে রাখে মা,তারপর কক্সবাজার ভ্রমণ” শিরোনামে রোববার একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তাজমিন হত্যাকাণ্ডের জন্য তাজমিনকে দায়ী করা হয়। উপস্থাপনে ধরণে বুঝা যায়, তাজমিন বাড়ি থেকে বের না হলে, ‘রাজু’ নামক প্রেমিকের ডাকে সাড়া না দিলে হত্যাকণ্ড হত না। প্রতিবেদনে হত্যাকারী, ধর্ষণকারীদের অপরাধের চেয়ে তাজমিনকে বেশি অপরাধী বানানো হয়।
এধরণের ভিক্টিম ব্লেমিংয়ে সরাসরি জড়িত হতে কিংবা ভিক্টিম ব্লেমিং উস্কে দিতে দেখা যায় স্টার নিউজ, এশিয়া পোস্ট, আরটিভি অনলাইন, চ্যানেল ২৪, বাংলা টিভি, গণকণ্ঠ, ডেইলি ক্যাম্পাস, কালবেলা, এমটি নিউজ, এনপিবি নিউজসহ বেশ কিছু সংবাদমাধ্যমকে।
গণকণ্ঠ পত্রিকার করা এধরণের খবরের শিরোনাম ছিলো “তাজমিন স্বামী স্ত্রী পরিচয়ে প্রেমিক রাজু সাথে হোটেলে উঠে”, আরটিভি অনলাইনের খবরের শিরোনাম “কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু” আরেকটি খবরের শিরোনাম ছিল “রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন”, কালবেলার খবর “তাজমিনের কক্সবাজার যাত্রা নিয়ে যা জানা গেল”, এনপিবি নিউজের খবরের শিরোনাম ছিল “তাজমিন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা”, চ্যানেল ২৪ এর খবর “কক্সবাজারে রাজুর পরিচয়ে ছিলেন হোটেলে, ফেরার পথে সিএনজি চালকের লালসার শিকার”, ডেইলি ক্যাম্পাসের খবর “‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮”, এমটি নিউজের খবর “১৭ দিন আগে যার সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে তাজমিনের, কক্সবাজারে দুইদিন কাটায়”, বাংলা টিভির খবর “কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু” এবং স্টার নিউজ খবরের শিরোনাম ছিল “১৭ দিনের সম্পর্কে রাজুর ডাকে কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার” শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়া এশিয়া পোস্ট ‘রাজুর সঙ্গে কক্সবাজারে ছিল দুইদিন ছিল তাজমিন’ ও কালবেলা স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে ১৭ দিনের সম্পর্ক , কে এই রাজু’ শিরোনামে সংবাদ প্রকাশ করার পর কোন ধরণের ব্যাখ্যা না দিয়ে সরিয়ে ফেলে।
সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোতে তাজমিনের হত্যা ও ধর্ষণের শিকার হওয়া এবং অপরাধীর দোষ খোঁজার বদলে ওই কিশোরীর প্রেমের সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া হত্যার শিকার হওয়ার জন্য পরোক্ষে ১৭ দিনের পরিচয়ে কক্সবাজার যাওয়াকে দায়ী করা হয়েছে। এছাড়া উঠে এসেছে তাজমিনের অবাধ্যতা ও গেম আসক্তির প্রসঙ্গ।
কালবেলার খবরে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে লিখেছে যে তাজমিনের অবাধ্য হয়ে ওঠা এবং মোবাইল গেমে আসক্তির বিষয়টিও তদন্তে আলোচনায় এসেছে। এছাড়া খবরের একেবারে শেষ প্যারায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খানের বরাতে বলা হয়েছে, রাজুর সঙ্গে সম্পর্ক না হলে হয়তো তাজমিনকে কক্সবাজার যেতে হতো না, এমন বিপদেও পড়তে হতো না। এনপিবির খবরেও তদন্ত কর্মকর্তাদের বরাতে আনা হয়েছে তাজমিনের গেম আসক্তি ও অবাধ্য হওয়ার প্রসঙ্গ।
এদিকে আজ বিকেল ৪ টা ৪০ মিনিটের সময়ে একুশে টেলিভিশন তাদের পেইজে ঘোষণা দেয়, ‘জান্নাতুল তাজমিনকে নিয়ে সাংবাদিকতার নীতিমালাবিরোধী ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ করায় ইটিভি ডিজিটালের কনটেন্ট ক্রিয়েটর সামিউল জয়কে অব্যাহতি দেওয়া হয়েছে।পাশাপাশি এই অনাকাঙ্খিত ঘটনার জন্য একুশে টেলিভিশন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।’
মিডিয়ার খবরকে রেফারেন্স করে ভুক্তভোগীকে নিয়ে বিদ্রূপ
তাজমিনের ব্যক্তিগত জীবন ও সম্পর্ককে ফোকাস করে প্রকাশ করা খবরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শত শত বিদ্রুপাত্মক পোস্ট ও কমেন্ট পর্যবেক্ষণ করেছে বেঙ্গল লেন্স। এসব পোস্ট ও কমেন্টে তাজমিনকে খারাপ মেয়ে হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার মৃত্যু ও ধর্ষণকে ন্যায্যতা দেওয়া হয়েছে।
দৈনিক ইত্তেফাকের “কক্সবাজারে রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান করেন তাজমিন” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড শেয়ার করে ইলিয়াস ভূইয়া নামের একজন লিখেন, “৪ দিন আগে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে মেয়ে বের হয়েছে,মা হিসাবে মহিলা জানেনা কোন #বান্ধবীর বাড়িতে গেছে। একটা ১৫ বছরের মেয়ে বাড়ি থেকে ব্যাগ ভর্তি জামা #কাপড় নিয়ে বের হচ্ছে। কোন #বাবা- মা কি একা তার মেয়েকে বের হতে দিতে পারে?
যে বাবা মায়ের ১৫ বছরের মেয়ে ৪ দিন ধরে বাড়ি ফিরেনা,অথচ #পুলিশের কাছে যায় না সেটা কেমন বাবা মা?”
ইত্তেফাকের পেইজে খবরটির নিচে করা একটি কমেন্ট ছিলো এমন, “কক্সবাজার যে টা করছে সেটা কি?, আগেই তো খেয়ে দিছে , দুইটা একই বিষয় একটা স্বেচ্ছায় আরেকটা অনিচ্ছায় , সুমন বুঝতে পারে নাই আগেই নদীর পানি ঘোলা করছে (উল্লেখ্য সুমন ধর্ষক অটো চালকের নাম), ব্যাপার টা কিন্তু বেশ কিউট আছে”
তাজমিনের কক্সবাজার যাওয়ার যুগান্তর ও আরটিভির দুইটি নিউজের ফটো কার্ড কে রেফারেন্স হিসেবে ব্যবহার করে জিরো টু জিরো নামক একটি পেজ থেকে এনালাইসিস ভিডিও প্রচার করা হয়। ভিডিও শুরু করা হয় এভাবে, "বাঙালির আবেগের উপর মুতে দিয়েছে।” এছাড়া পুরো ভিডিওতে ব্যাখ্যা করে বোঝানো হয় এই হত্যাকাণ্ডের জন্য তাজমীন নিজেই দায়ী।
ডিআরবি নিউজের আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম তানজু আক্তার শিরোনামের একটি ফটোকার্ড পোস্ট করে মামুন রশিদ নামের একজন লিখেন, “ক্লাস সেভেনের মাইয়া বাঙালির আবেগে ভইরা দিলো। করলে খুশি, মরলে দোষি! বাশের আগে কঞ্চি পাকলে যা হয়! বেচে থাকলে সব গোপন থাকতো আবার কয়দিন পরে কক্সবাজারে দেখা যেতো!”
আইন কী বলে
এ ধরনের সংবাদ পরিবেশন শুধু সাংবাদিকতার নৈতিকতার প্রশ্ন নয়, দেশের প্রচলিত আইনেরও পরিপন্থী। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৪(১) ধারা অনুযায়ী, এই আইনে বর্ণিত অপরাধের শিকার নারী বা শিশুর ঘটনা কিংবা মামলাসংক্রান্ত সংবাদ, নাম-ঠিকানা বা অন্য কোনো তথ্য এমনভাবে প্রকাশ করা যাবে না, যাতে তার পরিচয় প্রকাশ পায়। এ বিধান লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ধর্ষণের পর হত্যাও এই আইনের অপরাধ।
২০২১ সালে হাইকোর্ট এক অন্তর্বর্তী আদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী-শিশুর ছবি বা পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দেন। ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক হলে শিশু আইন, ২০১৩-এর ৮১ ধারাতেও তার পরিচয় প্রকাশ নিষিদ্ধ। অথচ তাজমিনের ক্ষেত্রে নাম ও ছবির পাশাপাশি হোটেল রেজিস্টারে লেখা নাম, কক্সবাজার ভ্রমণ এবং ব্যক্তিগত সম্পর্কের খুঁটিনাটি প্রকাশ করা হয়েছে।
২০২২ সালে সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা বাতিল করা হয়। এই ধারায় ধর্ষণ মামলায় ভুক্তভোগীকে "সাধারণভাবে অনৈতিক চরিত্রের" দেখানোর সুযোগ ছিল। এখন আদালতের অনুমতি ছাড়া ভুক্তভোগীর চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন তোলা যায় না। আদালতকক্ষে যে প্রশ্ন নিষিদ্ধ, সংবাদমাধ্যম সেই প্রশ্নই শিরোনামে তুলে আনছে।
যা বলছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা
গণমাধ্যমের ভিক্টিম ব্লেমিংয়ের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার বলেন, ‘গণমাধ্যমে যারা কাজ করছে তারা ভিউয়ের দিকে নজর রাখছে, কোনটা দিলে বেশি ভিউ হবে, সেটা বিবেচনা করছে। তারা জানেও না নিয়মনীতি বা নৈতিকতা কী, কোনো ধরণের নৈতিকতা ও নিয়মনীতির তোয়াক্কাও করছেন না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে নারীকে যে চোখে দেখা হয়, সেটাই গণমাধ্যমেও ফুটে উঠেছে। নারী বলেই তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আদ্যোপান্ত পিছনের ঘটনা তুলে এনে ভিক্টিম ব্লেমিং করা হচ্ছে।’
গণমাধ্যমের ভিক্টিম ব্লেমিংয়ের ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি বলেন, তাজমিনকে নিয়ে গণমাধ্যমের এভাবে সংবাদ প্রকাশ করা ঠিক হয়নি। তবে বাংলাদেশের গণমাধ্যম বরাবরই এ ধরনের কাজ করে আসছে। সব ক্ষেত্রেই তারা ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করে, অনেক সময় পুরো একটি গল্পই তৈরি করে ফেলে। এর পেছনে দর্শক, পাঠক ও শ্রোতাদের চাহিদা রয়েছে। মানুষ এ ধরনের উপস্থাপনার প্রতিবাদ করে না, সংবাদপত্রের সমালোচনাও খুব কম হয়। ফলে গণমাধ্যম এমন অনেক কিছু করার সুযোগ পায়, যা করা উচিত নয়। সমাজের অবস্থা ভালো না হলে গণমাধ্যমের ভালো হওয়ারও সুযোগ নেই। অনেক সময় মানুষ সাংবাদিকদের কাছে এ বিষয়ে জানতে চায়, আবার সাংবাদিকেরাও ফেসবুকে লেখেন। প্রথমে ছোটখাটো গণমাধ্যমে এসব বিষয় প্রকাশিত হয়, পরে বৃহত্তর গণমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এভাবে একটি পরিবেশ তৈরি হয়, যেখানে গণমাধ্যমও একই ধরনের উপস্থাপনা করতে বাধ্য হয়। এককভাবে গণমাধ্যমকে দায়ী করলে পুরো বিষয়টি ব্যাখ্যা করা সম্ভব নয়, সমাজকেও এর দায় নিতে হবে। আমাদের সমাজে মানুষের ব্যক্তিগত জীবন, গোপন বিষয় ও রহস্য নিয়ে অত্যন্ত বেশি আগ্রহ রয়েছে। মানুষের ব্যক্তিগত জীবনের এসব বিষয়কে কেন্দ্র করে সমাজের এই আগ্রহই গণমাধ্যমে মুখরোচক বর্ণনা ও উপস্থাপনার প্রবণতাকে টিকিয়ে রাখে।