রাজধানীতে চলতি বছরের প্রথম আট মাসে ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফন ও সৎকার করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একাধিক প্রতিবেদনে আঞ্জুমানের এই পরিসংখ্যান তুলে ধরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়টি সামনে আনা হয়েছে।
আঞ্জুমানের হিসাবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৪০০টি মরদেহের মধ্যে ৩২৬টি রায়েরবাজার কবরস্থানে এবং ৭৪টি জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩০টি, ফেব্রুয়ারিতে ৫৯টি, মার্চে ৫২টি, এপ্রিলে ৪৬টি, মে মাসে ৫৬টি, জুনে ৬৭টি, জুলাইয়ে ৪২টি এবং আগস্টে ৪৮টি মরদেহ দাফন বা সৎকার করা হয়েছে। অর্থাৎ আট মাসে গড়ে প্রতি মাসে ৫০টি মরদেহের শেষকৃত্য করেছে সংস্থাটি।
প্রতিবেদনগুলোতে অজ্ঞাত মরদেহ উদ্ধারের কয়েকটি ঘটনাও তুলে ধরা হয়েছে। তবে অজ্ঞাত মরদেহ এবং বেওয়ারিশ মরদেহ এক বিষয় নয়। কোনো মরদেহ উদ্ধারের সময় পরিচয় জানা না থাকলে সেটি অজ্ঞাত হিসেবে নথিভুক্ত হতে পারে। পরে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিচয় শনাক্তের চেষ্টা করে। আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন বা সৎকারের জন্য হস্তান্তর করা হয়।
নিষিদ্ধ সংগঠনের হত্যা ন্যারেটিভ
সাম্প্রতিক এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ২০২৬ সালের প্রথম আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফনের তথ্য শেয়ার করে দেশে হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দাবি তুলেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন এই নিউজের ফটোকার্ড শেয়ার করে লিখেন, “দেশকে বানিয়েছে 'লাশকাটা ঘর'!”
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলাওয়ার হোসেন এ ইস্যুতে লিখেন, “বিএনপির ৮ মাসে শুধু ঢাকায় ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, সারাদেশে কত, খুন কত ? বিএনপির আইনমন্ত্রী দাবী করেন, বিগত আট মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেনি। তাহলে ঢাকায় ৪০০ বেওয়ারিশ লাশের দায় কার ? ঢাকায় বেওয়ারিশ লাশের কি জবাব প্রধানমন্ত্রীর ? মাত্র আট মাসে ঢাকায় ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফন হয়েছে। ৪০০টি মরদেহ মানে ৪০০টি মানুষের মৃত্যু।”
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই গণহত্যা মামলার আসামি গোলাম সামদানি জয় লিখেন, “শুধুমাত্র রাজধানীর হিসাব এটা বাকী জেলা,মহানগর গুলার অবস্থা কি একবার খোজ নিয়ে দেখুন, লা/শের উপর ভাসছে বাংলাদেশ”
ঢাবি ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সাবিত আল ইসলাম লিখেন, “মৃত্যুপুরীর বাংলাদেশ!”
এছাড়া গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকেও এই বেওয়ারিশ লাশের পোস্ট শেয়ার করা হয়।
আওয়ামী লীগ সরকারের সময়ও ঢাকায় শত শত বেওয়ারিশ মরদেহ দাফন হয়েছে
৪০০ বেওয়ারিশ মরদেহের সংখ্যাটি বর্তমান সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে কি না, তা বুঝতে হলে আগের বছরগুলোর পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা প্রয়োজন। কারণ রাজধানীতে বেওয়ারিশ মরদেহ দাফনের ঘটনা ২০২৬ সালে প্রথম শুরু হয়নি।
আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীতে ১২ হাজার ৯০৮টি বেওয়ারিশ মরদেহ দাফন করা হয়। বছরভিত্তিক হিসাবে ২০১০ সালে ১ হাজার ২০৪টি, ২০১১ সালে ১ হাজার ১৯১টি, ২০১২ সালে ১ হাজার ২৪৭টি, ২০১৩ সালে ১ হাজার ৪৩০টি, ২০১৪ সালে ১ হাজার ৪০৫টি, ২০১৫ সালে ১ হাজার ২৮৬টি, ২০১৬ সালে ১ হাজার ৩৮৫টি, ২০১৭ সালে ১ হাজার ৩১৮টি, ২০১৮ সালে ১ হাজার ১৪টি, ২০১৯ সালে ৭৯৫টি এবং ২০২০ সালে ৬৩৩টি মরদেহ দাফন করা হয়।
পরবর্তী সময়ে ২০২১ সালে ৪৬৫টি, ২০২২ সালে ৪৪৩টি, ২০২৩ সালে ৪৯০টি এবং ২০২৪ সালে ৫৭০টি মরদেহ দাফন করা হয়েছে। সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীতে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা বেওয়ারিশ মরদেহের সংখ্যা দাঁড়ায় ১৪ হাজার ৮৭৬।
বেওয়ারিশ মানেই হত্যার শিকার নয়
সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, “পরিচয়হীন মরদেহের বিষয়টি শুধু আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে দেখলে পুরো চিত্র পাওয়া যাবে না। নগরজীবনে পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়া, গৃহহীনতা, একাকিত্ব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো বিষয়গুলোর সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। একই সঙ্গে কোনো মরদেহের পেছনে অপরাধ বা হত্যাকাণ্ড রয়েছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। তার মতে, পরিচয় শনাক্তে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তথ্যভান্ডার, হাসপাতাল, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরো জোরদার করা প্রয়োজন।”
২০২৬ সালের ৪০০ মরদেহের ব্যাখ্যা কী?
আঞ্জুমান মুফিদুল ইসলামের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজধানীতে ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফন বা সৎকার করা হয়েছে। সংখ্যাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ তথ্য। তবে এই সংখ্যা কী কারণে মৃত্যু হয়েছে, তার কোনো শ্রেণিবিন্যাস দেয় না।
অন্যদিকে, আগের বছরের পরিসংখ্যান দেখায় যে রাজধানীতে বেওয়ারিশ মরদেহ দাফন একটি দীর্ঘদিনের ঘটনা। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে আঞ্জুমানের মাধ্যমে ১৪ হাজার ৮৭৬টি বেওয়ারিশ মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন বছরেই শত শত মরদেহ দাফনের তথ্য রয়েছে।
এখানে আরও একটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। বেওয়ারিশ মরদেহের সংখ্যা এবং হত্যাকাণ্ডের সংখ্যা একই পরিসংখ্যান নয়। কোনো মরদেহের পরিচয় না পাওয়া এবং সেটি বেওয়ারিশ হিসেবে দাফন করা—এর সঙ্গে মৃত্যুর কারণ সরাসরি সম্পর্কিত নয়। মৃত্যুর কারণ নির্ধারণে পুলিশি তদন্ত, ময়নাতদন্ত, মামলা ও অন্যান্য নথির প্রয়োজন হয়।
সুতরাং, চলতি বছরের প্রথম আট মাসে রাজধানীতে ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফনের তথ্যকে এককভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড বেড়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ জন্য সংশ্লিষ্ট সময়ের হত্যাকাণ্ডের সংখ্যা, মৃত্যুর কারণ, মামলা ও তদন্তের তথ্যের সঙ্গে বেওয়ারিশ মরদেহের পরিসংখ্যান মিলিয়ে দেখা প্রয়োজন। সেই তুলনামূলক তথ্য ছাড়া ৪০০টি বেওয়ারিশ মরদেহের সংখ্যাকে সরাসরি হত্যাকাণ্ড বৃদ্ধির প্রমাণ হিসেবে উপস্থাপন করলে সংখ্যাটির প্রকৃত প্রেক্ষাপট অসম্পূর্ণ থেকে যায়।