গত ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী ২০ টাকা বেড়ে বাংলাদেশে জ্বালানি তেল- ডিজেল ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। যা নিয়ে চলছে দেশব্যাপী আলোচনা সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্যের সাথে বাংলাদেশের জ্বালানি তেলের তুলনা করে দাম বৃদ্ধির বিষয়টিকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে। বিএনপি মিডিয়া সেলের দেওয়া তালিকা দেখুন এখানে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সূত্রে মাছরাঙা টিভির প্রতিবেদন দেখুন এখানে, সময় টিভির প্রতিবেদন এখানে।

এই তুলনামূলক সংবাদসমূহে ১৬টি দেশের নাম পাওয়া গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা।

জ্বালানি তেলের তুলনামূলক দাম দেখানো হলেও এসব দেশের নাগরিকদের ক্রয়ক্ষমতার সূচক হিসেবে মাথাপিছু আয় ও নূন্যতম মজুরির বিষয়টি আলোচনায় আসেনি।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আয়ের সিংহভাগই চলে যায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যে। যেসব দেশে মাথাপিছু আয় ও নূন্যতম মজুরি বেশি, সেখানকার মানুষ তেলের কিছুটা দাম বৃদ্ধি সহ্য করতে পারলেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গণপরিবহন, কৃষি ও খাদ্যসামগ্রীর দাম বেড়ে সাধারণ মানুষের 'প্রকৃত আয়' মারাত্মকভাবে কমে যায়।

বিদ্যুৎ ও জ্বালানি-বিষয়ক গবেষক ও বিশ্লেষক কল্লোল মোস্তফা মনে করেন, ‘দাম বাড়ানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে সরকার বিভিন্ন দেশের উচ্চ মূল্যের কথা উল্লেখ করেছে। কিন্তু সেসব দেশের মানুষের ক্রয়ক্ষমতা, সর্বনিম্ন মজুরি কিংবা মূল্যস্ফীতি হিসাব করেনি।’

বেঙ্গল লেন্স সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলো এবং বিএনপির মিডিয়া সেল কর্তৃক তুলনায় দেখানো ১৬টি দেশের জ্বালানি তেলের মূল্যের পাশাপাশি এসব দেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় ও ন্যূনতম মজুরির তুলনামূলক পার্থক্য যাচাই করে দেখার চেষ্টা করেছে।

১. যুক্তরাজ্যে বার্ষিক গড় আয় ৬৬,২৯৯ ডলার (OECD এবং ট্রেডিং ইকোনমিক্সের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৮১,৯৭,৮৭১ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৩,৩৮,০৪০ টাকা। যুক্তরাজ্যে পেট্রোল ২৮০.৬৯ টাকা, ডিজেল ৩১৭.৭৮ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

২. সিঙ্গাপুরে বার্ষিক গড় আয় ৭০,৬৮৪ ডলার (সিঙ্গাপুর ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস)। যা বাংলা টাকায় প্রায় ৮৭,৪০,০৭৬ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ২,৩৪,২০০ টাকা। সেখানে পেট্রোল ৪০৬.৮০ টাকা, ডিজেল ৩৫৪ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

৩. যুক্তরাষ্ট্রে বার্ষিক গড় আয় ৮৮,৮১০ ডলার (বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ডডাটার উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ১,০৯,৮১,৩৫৬ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১,৫৫,৪৩০ টাকা। যুক্তরাষ্ট্রে পেট্রোল ১৫২.০৯ টাকা, ডিজেল ২০৫.২৬ টাকা। দেখুন এখানে।

৪. সৌদি আরবে বার্ষিক গড় আয় ৩৬,০৭০ ডলার (বিশ্বব্যাংক ও গ্লোবাল পেট্রোল প্রাইসেসের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৪৪,৬০,০৫৫ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১,৩০,৯৬০ টাকা। সৌদি আরবে পেট্রোল ৭৬.৬৬ টাকা, ডিজেল ৫৯.৩৫ টাকা। দেখুন এখানে।

৫. মালয়েশিয়ায় বার্ষিক গড় আয় ১৫,০ ৯০ ডলার (ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়া)। যা বাংলা টাকায় প্রায় ১৮,৬৫,৮৭৯ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৫১,২২০ টাকা। দেশটিতে পেট্রোল ৫৮.৮০ টাকা, ডিজেল ১৫৮ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

৬. চীনে বার্ষিক গড় আয় ১৪,০০০ ডলার (ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস অব চায়না)। যা বাংলা টাকায় প্রায় ১৭,৩১,১০০ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৫০,২৭৯ টাকা। সেখানে পেট্রোল ১৩০.৮০ টাকা, ডিজেল ১৪৬.৭৭ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

৭. ফিলিপাইনে বার্ষিক গড় আয় ৪,৮৫০ ডলার (বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৫,৯৯,৭০২ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৩৮,৫৬০ টাকা। ফিলিপাইনে পেট্রোল ১৮০.৫৩ টাকা, ডিজেল ১৮৬.৭১ টাকা। দেখুন এখানে।

৮. থাইল্যান্ডে বার্ষিক গড় আয় ৭,৬৯০ ডলার (বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৯,৫০,৮৬৮ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৩৮,৪০০ টাকা। থাইল্যান্ডে পেট্রোল ১৬৬.৯৩ টাকা, ডিজেল ১৫২.০৯ টাকা। দেখুন এখানে।

৯. মালদ্বীপে বার্ষিক গড় আয় ১২,৯৫০ ডলার (বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ডডাটার উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ১৬,০১,২৬৭ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ৩৫,৭৯০ টাকা। মালদ্বীপে পেট্রোল ১২৯.৮৩ টাকা, ডিজেল ১৪২.২০ টাকা। দেখুন এখানে।

১০. ভারতে বার্ষিক গড় আয় ২,৮১২ ডলার (ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় - MoSPI এবং IMF-এর উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৩,৪৭,৭১০ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ২৩,৭০০ টাকা। ভারতে পেট্রোল ১২৮.৪০ টাকা, ডিজেল ১৩৪.৭৬ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

১১. পাকিস্তানে বার্ষিক গড় আয় ১,৯০১ ডলার (পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস - PBS-এর সর্বশেষ হিসাব অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ২,৩৫,০৫৮ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১৭,৭৬০ টাকা। সেখানে পেট্রোল প্রায় ১৬৯.২০ টাকা, ডিজেল ১৮৫.৪৮ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

১২. ভিয়েতনামে বার্ষিক গড় আয় ৪,৯৭০ ডলার (বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৬,১৪,৫৪০ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১৭,৫০১ টাকা। ভিয়েতনামে পেট্রোল ১১৯.৯৪ টাকা, ডিজেল ১৪৩.৪৪ টাকা। দেখুন এখানে।

১৩. নেপালে বার্ষিক গড় আয় ১,৪২০ ডলার (নেপাল সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস)। যা বাংলা টাকায় প্রায় ১,৭৩,৫৮৪ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১৫,৭১৮ টাকা। সেখানে পেট্রোল ১৬০ টাকা, ডিজেল ১৬১.২৪ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

১৪. বাংলাদেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় ৩,০২০ ডলার (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো - BBS-এর সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৩,৭৩,৪২২ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা।

বাংলাদেশে পেট্রোল ১৬০ টাকা, ডিজেল ১৩৫ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

১৫. মিয়ানমারে বার্ষিক গড় আয় ১,৩২০ ডলার (বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ১,৬৩,২১৮ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১১,৮৫০ টাকা। মিয়ানমারে পেট্রোল ১৫৫.৮০ টাকা, ডিজেল ১৬৪.৪৫ টাকা। দেখুন এখানে।

১৬. শ্রীলঙ্কায় বার্ষিক গড় আয় বৃদ্ধি পেয়ে ৫,০০৩ ডলারে পৌঁছেছে (সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা - CBSL-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী)। যা বাংলা টাকায় প্রায় ৬,১৮,৬২০ টাকা। দেশটির মাসিক ন্যূনতম মজুরি ১১,২২০ টাকা। সেখানে পেট্রোল ১৪৪ টাকা, ডিজেল ১৭৯.৪২ টাকা। এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

জ্বালানি তেলের বর্তমান মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কর-শুল্কের বিষয়টিও আলোচনায় এসেছে। খাত-সংশ্লিষ্টদের হিসাবে, প্রতি লিটার ডিজেলে প্রায় ২৫ শতাংশ কর-শুল্ক যুক্ত হচ্ছে, যার পরিমাণ প্রায় ৩৫ টাকা। তাদের মতে, সংকটের সময়ে এই করের হার সাময়িকভাবে ১০ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা গেলে ভোক্তার ওপর পুরো আন্তর্জাতিক বাজারের চাপ দেওয়া লাগত না। তাদের যুক্তি, কর-শুল্কের একটি অংশ সরকার সাময়িকভাবে ছাড় দিলে রাজস্ব কমবে ঠিকই। কিন্তু এর বিনিময়ে পরিবহন, কৃষি ও পণ্যের উৎপাদন ব্যয়ের ওপর চাপ কমানো সম্ভব হতে পারে। এতে মূল্যস্ফীতির ওপরও কিছুটা চাপ কমতে পারে।

যা বলছেন অর্থনীতিবিদরা

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, জ্বালানি তেলের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় ফর্মুলা থাকায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দাম সমন্বয় হতে পারে। তবে ওই ফর্মুলার কাঠামো নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর মতে, ভ্যাট-ট্যাক্স ও বিপিসির লাভ ধরে মূল্য নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে যে দামই থাকুক, বিপিসির জন্য একটি মার্জিন থেকে যায়। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে বিপিসি বছরে গড়ে সাড়ে চার হাজার কোটি টাকার মতো মুনাফা করেছে। এই উদ্বৃত্ত অর্থ দিয়ে আপৎকালীন তহবিল গঠন করা হলে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময় সেই অর্থ থেকে ভোক্তার জন্য মূল্য সমন্বয় করা যেত বলে মনে করেন তিনি। এ সংক্রান্ত প্রতিবেদনটি দেখুন এখানে।

বিদ্যুৎ ও জ্বালানি-বিষয়ক গবেষক ও বিশ্লেষক কল্লোল মোস্তফা ডেইলি স্টারে একটি কলামে লিখেছেন, ‘দাম বাড়ানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে সরকার দাবি করেছিল কলকাতায় ডিজেলের দাম ১৩৪.৭৬ টাকা। বাস্তবে সেপ্টেম্বর জুড়ে কলকাতায় ডিজেলের দাম ছিল ৯৯.৮২ রুপি (টাকায় প্রায় ১২৫.৭৭ টাকা), যা বাংলাদেশের চেয়ে ৯.২৩ টাকা কম। আর নয়া দিল্লিতে প্রতি লিটার ডিজেল ৯৫.২০ রুপি (টাকায় প্রায় ১১৯.৯৫ টাকা), যা বাংলাদেশের নতুন দামের চেয়ে প্রায় ১৫ টাকা কম!

অথচ দিল্লির সর্বনিম্ন মজুরি ১৮,৪৫৬ রুপি (প্রায় ২৩,২৫২৪ টাকা), যা বাংলাদেশের পোশাক খাতের নূন্যতম মজুরির (১২,৫০- টাকা) চেয়ে ৮৬ শতাংশ বেশি। এছাড়া ভারতে আগস্টে মূল্যস্ফীতি ছিল ৪.৮২ শতাংশ—যা বাংলাদেশের অর্ধেক। ভারতের সরকার কৌশলগত জ্বালানি ডিজেলকে সাশ্রয়ী রাখতে কর কমিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বাজারের বাড়তি খরচ পুরোটাই জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সাবেক নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন মনে করেন, "মূল্যস্ফীতি এবং গৃহস্থালির ওপর আর্থিক চাপ যখন ইতোমধ্যেই অনেক বেশি, তখন সবগুলো প্রধান জ্বালানি পণ্যের দাম একবারে একই পরিমাণে বাড়ানো একটি বড় নীতিগত সিদ্ধান্ত। এই মূল্যবৃদ্ধির বহুমুখী প্রভাব পড়বে। পরিবহন খরচ বাড়বে। এমনকি যেসব পরিবার সরাসরি জ্বালানি তেল কেনে না, পরিবহন খরচ বাড়ার কারণে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ডিজেল-নির্ভর কৃষি খাত সেচ, যান্ত্রিকীকরণ এবং পরিবহন খরচের চরম চাপে পড়বে। এর ফলে বাজারে খাদ্যপণ্যের দাম বাড়লেও কৃষকের নিজস্ব আয় বা মুনাফা কমে যেতে পারে।"

অর্থনীতিবিদ আনু মুহম্মদের মতে, আওয়ামী লীগ সরকারও একটি শ্রেণিকে অগ্রাধিকার দিতে গিয়ে জিনিসপত্রের দাম বাড়াতো। এখন সরকারও একই কাজ করছে। যখন সারা বিশ্বের সংকটের কথা বলা হচ্ছে, তখন এই সময়ে পে-স্কেল দেওয়া বা মেগা প্রকল্প কি জরুরি ছিল? তিনি বলেন, লোকসানের নানা কথা বলা হলেও আগে যখন তেলের দাম কম ছিল, তখন বিপিসি লাভ করেছে। তাহলে এখন লোকসান হলেও সেটি দাম না বাড়িয়েও পোষানো যেতো। সব কিছু জনগণের ঘাড়ে চাপানোটা সরকারগুলোর একটি নিয়মে পরিণত হচ্ছে।

আনু মুহম্মদ বলেন, এখনই এসব করা সমুচিত হয়নি। মনে হচ্ছে, সরকার নিজেই নিজের জনপ্রিয়তা কত দ্রুত কমানো যায়, সেই প্রতিযোগিতায় নেমেছে। ইমপ্যাক্ট বিবেচনা করা হচ্ছে না একেবারেই। অন্য দেশের সঙ্গে যে তুলনা করা হয়, সেটিও ঠিক নয়। কারণ অন্য দেশের তুলনায় আমাদের আয় অনেক কম।