যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করেছেন নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। বিদেশে জুলাইপন্থীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও হেনস্তার ঘটনা এবারই প্রথম নয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিদেশে অবস্থানরত দলটির পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠে আসছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক অনুষ্ঠান, বিমানবন্দর ও জনসমাগমস্থলে এসব হামলার ঘটনা ঘটছে।
গত ৮ সেপ্টেম্বর ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার ঘটনা ঘটে। ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এই হামলার শিকার হন বাঁধন। এদিন রাত ১টা ৮ মিনিটের দিকে Howlader Monirul নামে এক ছাত্রলীগ কর্মী নিজ আইডি থেকে লাইভে এসে হামলার ঘটনাটি দেখাতে থাকেন। লাইভের ক্যাপশন দেওয়া হয়, "জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা"। আজমেরী হক বাঁধন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিনোদন জগতের সেই হাতেগোনা কয়েকজন শিল্পীর একজন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমেছিলেন। তিনি ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, "মৃত শিশুগুলোর জায়গায় আমার ১২ বছরের সন্তানও থাকতে পারত।"
গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আওয়ামী লীগের হেনস্তার শিকার হন। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন কটূক্তি ও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।
গত ২১ জুলাই ইতালির রোমের টর পিনাত্তারা এলাকায় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে রাস্তায় ফেলে মারধর করা হয়। কার্যক্রম নিষিদ্ধ ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ হামলায় নেতৃত্ব দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এসব পোস্টে বনি আমিনকে ‘মৌলবাদী’, ‘দেশদ্রোহী’, ‘উগ্রবাদী’ ও ‘ইসরায়েলপন্থী’ বলে আখ্যা দেওয়া হয়। এর আগে লন্ডনেও হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।
হামলার পর ফেসবুক পোস্টে বনি আমিন দাবি করেন, তাঁর রাজনৈতিক অবস্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সমর্থনের কারণেই তাঁকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইতালির প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সমালোচনা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন বনি আমিন।
এর আগে ১৫ জুন যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি রেস্তোরাঁয় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ডিম নিক্ষেপ করেন। হাসনাত কে হেনস্তায় নেতৃত্ব দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ্ শামীম। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতার চেষ্টা চালালে পুলিশ কয়েকজনকে আটক করে এবং হামলাকারীদের সরিয়ে দেয়।
এ বছরের মে মাসে পর্তুগালের লিসবনের একটি পার্কে হামলার শিকার হন এনসিপির সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আকতার হোসেন। ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরও করা হয়।
পরে ফেসবুক পোস্টে আকতার হোসেন জানান, পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই ছাত্রলীগের কর্মীরা পেছন থেকে অস্ত্রসহ তাঁর ওপর হামলা চালান। ঘটনার একটি ভিডিও ফুটেজে হামলাকারীদের হাত থেকে বাঁচতে তাঁকে দৌড়ে সরে যেতে দেখা যায়।
২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের বাইরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সে সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী কে আটক করে পুলিশ। পরে কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাঁকে জামিনে মুক্তি দেন। আদালত থেকে বের হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের (সোয়াস) ক্যাম্পাসের বাইরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাহফুজ আলম ওই গাড়িতে আছেন—এমন ধারণা থেকে তাঁরা বাংলাদেশ হাইকমিশনের একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন। পরে গাড়িটির সামনে শুয়ে পড়ে সেটির চলাচল আটকে দেওয়ার চেষ্টা করেন। পরে লন্ডনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ওই ঘটনা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’
২০২৪ সালের ৭ নভেম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠক শেষে দেশে ফেরার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার হন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং তাঁকে উত্ত্যক্ত করেন।
ঘটনার পর সরকার তদন্ত শুরু করে। জেনেভায় বাংলাদেশ মিশনের নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে দেশে ফেরার নির্দেশ দেয়। একই ঘটনায় স্থানীয় কর্মী মিজানকে বরখাস্ত করা হয়।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, লন্ডনপ্রবাসী চিকিৎসক ড. ফাহিমের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ।
এ ছাড়া কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন চড়াও হওয়ার চেষ্টা করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে পরে এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেন অভিনেতা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন মোশাররফ করিম।
বিদেশে ঘটে যাওয়া এসব ঘটনার মধ্যে কয়েকটি অভিন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যায়। বিভিন্ন ঘটনায় জনসমাগমস্থল, বিমানবন্দর কিংবা প্রকাশ্য অনুষ্ঠানে ব্যক্তিদের ঘিরে ফেলা, ডিম নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টার অভিযোগ রয়েছে। প্রায় সকল ঘটনায় হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এসব ঘটনায় হামলাকারীদের আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতেও দেখা গেছে।
বিদেশে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হেনস্তার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সরকার এসব ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিআইপি মর্যাদা পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তাঁর নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় সংসদকে তিনি জানিয়েছেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরবে।
এ ঘটনায় অভিনেত্রী বাঁধন মামলা দায়ের করলেও এখন পর্যন্ত জড়িতদের কাওকে আটকের খবর পাওয়া যায়নি।