গত ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ২০২৬ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ (COP31)। তুরস্কের আনতালিয়াতে অনুষ্ঠিত এই সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি জাতিসংঘের এই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের একটি গ্রুপ ছবি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা গেছে। ছবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়েছেন বাম দিকের কর্ণারে তৃতীয় সারিতে। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান একই ছবির একদম মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও অনেকে খলিলুর রহমান মাঝে থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেছেন। কারণ তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি।

তবে গতকাল (১৩ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে সেই ছবির বিষয়টি। খলিলুর রহমানের ওই পোস্টে যুক্ত করা একটি ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশটি ক্রপ করে বাদ দেওয়া হয়েছে।

তার সেই পোস্টটি শেয়ার করে সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, “কৌতূহলী মনের প্রশ্ন— জাতিসংঘের জেনারেল এসেম্বলির প্রেসিডেন্ট হইলে কি নিজ দেশের প্রধানমন্ত্রীকে ছবি থিকা ক্রপ কইরা বাদ দিতে হয়?”

আরেক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে কপ-৩১ ঘিরে একের পর এক পোস্ট দেখা যাচ্ছে, যার অনেকগুলোতেই তিনি নিজেকে মহিমান্বিত করে তুলে ধরেছেন। অথচ সেখানে তাঁর নিজ দেশের সরকারপ্রধানের সঙ্গে একটি ছবিও খুঁজে পাওয়া যায়নি।

পেইজটিতে কপ-৩১ চলাকালীন বিএনপি সরকারের তথা বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে তাঁর ছবি রয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তোলা ছবিও আছে। কিন্তু ৯ সেপ্টেম্বর ২০২৬-এ চালু হওয়া এই পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কপ-৩১ এর সময়ে তাঁর একটি ছবিও চোখে পড়েনি। বরং বিশ্বনেতাদের একটি গ্রুপ ছবিতে একসাথে থাকা সত্বেও সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উহ‍্য রেখে একটি ছবি এই পেইজ হতে পোস্ট করতে দেখা গেছে।”

Wahid Al Hasan নামে একজন খলিলুর রহমানে পোস্ট শেয়ার করে লিখেছেন, “জানি ও মানি যে, আপনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, তাই আপনি মূল ফোকাসের আওতায় আর জনাব তারেক রহমান একটা দেশের প্রধানমন্ত্রী হয়েও বামপাশের কোণায়। তাই বলে আপনার দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বাদ দিয়ে ক্রপ করা লাগবে! পুরো ছবি থাকলে কী এমন ক্ষতি হতো মাননীয় খলিলুর রহমান!

Saif Sagor Shahadat নামে একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, “তারেক জিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারেক জিয়াকেই ফটো থেকে ক্রপ করে বের করে দিয়েছে”