‘বিদেশি সংস্থার শর্তযুক্ত ঋণের ওপর নির্ভর করে দেশ চালানোর প্রচলিত সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে আসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে কোনো ঋণ নেওয়া হবে না।’
গত ৪ অক্টোবর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেছেন, আইএমএফের কঠিন শর্তযুক্ত ঋণের ওপর নির্ভর না করে তাদের আগের কর্মসূচি বাতিল করা হয়েছে। নতুন কর্মসূচি কঠিন শর্তযুক্ত হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবি টাকা দেবে আর আমরা দেশ চালাবো- এই ধারায় আমরা পরিবর্তন আনছি।’
আইএমএফের ৪ শর্ত ক্ষতিকর, নাকি প্রয়োজনীয়?
১- সমস্যাগ্রস্ত ও দুর্বল ব্যাংকগুলোর সংকট নিরসনে সময়সীমাভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, উচ্চ খেলাপি ঋণ কমিয়ে আনা এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুনঃমূলধনীকরণ নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকারকে নির্দিষ্ট সময়সীমা সংবলিত একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
২- বিদ্যুৎ, গ্যাস এবং কৃষি খাতে বিদ্যমান সরকারি ভর্তুকি যৌক্তিকীকরণ বা সমন্বয় করার ওপর জোর দেওয়া।
৩- রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং তা পূরণের জন্য সময়সীমা নির্ধারণ করা। একই সাথে করের আওতা বাড়াতে আরও বেশি নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে করের জালে (Tax net) নিয়ে আসার পদক্ষেপ নেওয়া।
৪- দেশের লেনদেনের ভারসাম্য বজায় রাখা এবং বিশ্বাসযোগ্য নীতিগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা।
অর্থমন্ত্রীর বক্তব্যের পর আইএমএফের এই শর্তগুলো নিয়ে আলোচনা করতে দেখা গেছে অর্থনীতি বিশ্লেষক ও রাজনীতিকদের।
চার্টার অ্যাকাউন্টেন্ট ও লেখক মুরাদ কিবরিয়া এক পোস্টে লিখেছেন, ‘বিএনপি ও বাম সাপোর্টারদের কাছে (আইএমএফ কর্মসূচি বাতিল করা) এর মানে হলো, দাতাদের শর্তের কাছে মাথা নত না করা, নিজের পায়ে দাঁড়ানো, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন। কিন্তু ঘোষণার আবেগ সরিয়ে একটু পেছনে তাকালে অন্য একটা গল্প দেখা যায়। সেটা আইএমএফের অন্যায় শর্তের গল্প যতটা, তার চেয়ে বেশি তিনটি সরকারের একই কাজ বারবার এড়িয়ে যাওয়ার গল্প।’
তার মতে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রায় ২৩০ বিলিয়ন ডলার পাচার, ব্যাংকিং খাতের সংকট এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রিজার্ভ কমে যাওয়ায় সরকার তখন আইএমএফের দরজায় গেল, আর ২০২৩ সালের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন পেল। এটাকে ঋণ না বলে আমরা বলেছিলাম বেইল আউট প্যাকেজ (এমন একটি আর্থিক সহায়তা বা জরুরি ঋণ, যা দেউলিয়া হওয়ার উপক্রম হওয়া কোনো দেশকে সম্পূর্ণ ধ্বংস বা পতন থেকে বাঁচাতে প্রদান করা হয়)। তখন আইএমএফ-এর শর্তগুলো কোনো গোপন বিষয় ছিল না। যদিও আওয়ামী লীগ রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেই শর্তগুলো পূরণ করেনি।
মুরাদ কিবরিয়ার মতে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতির ভয় এবং আমলাতান্ত্রিক জটিলতার মুখে ব্যাংক ও এনবিআর সংস্কার বাস্তবায়নে হোঁচট খায়। ফলে ‘ক্রলিং পেগ’ (দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়) পদ্ধতি চালু সত্ত্বেও ২০২৫ সালের নভেম্বরের পর আইএমএফ-এর কিস্তি স্থগিত হয়ে যায়।
নির্বাচিত সরকারের দ্বিমুখী চাপ: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং নির্বাচনী প্রতিশ্রুতি (যেমন ‘ফ্যামিলি কার্ড’) বাস্তবায়নের দ্বিমুখী চাপে পড়ে। ফ্যামিলি কার্ডের জন্য অর্থের উৎস, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমন্বয়, বিদ্যুৎ ভর্তুকি ও ব্যাংক সংস্কার নিয়ে মতপার্থক্য না মেটায় ৪ অক্টোবর সরকার আনুষ্ঠানিকভাবে আইএমএফ কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়।
তিনটি সরকারের আমলেই আইএমএফ-এর শর্ত মূলত একই ছিল; শুধু তা এড়িয়ে যাওয়ার অজুহাত বদলেছে—আওয়ামী লীগের সময় কায়েমি স্বার্থগোষ্ঠীর চাপ, অন্তর্বর্তী সরকারের সময় মূল্যস্ফীতি ও আমলাদের প্রতিরোধ এবং নির্বাচিত সরকারের সময় নির্বাচনী প্রতিশ্রুতি। অথচ কর বাড়ানো ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো দেশের নিজস্ব অস্তিত্বের জন্যই অপরিহার্য বলে মনে করেন এই অর্থনীতিক বিশ্লেষক।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমানের মতে, নতুন আইএমএফ কর্মসূচি প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু ঋণ পাওয়ার জন্য নয়, দেশের নিজস্ব অর্থনৈতিক প্রয়োজনেই রাজস্ব, ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার করতে হবে।
আইএমএফ এর শর্ত মেনেই ঋণ নেওয়ার চেষ্টা
গত ৪ অক্টোবর অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য আর বাস্তবতার পার্থক্য স্পষ্ট। ১৫ অক্টোবর ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘ঋণ পেতে হলে শর্ত থাকবে এবং সেগুলো পূরণও করতে হবে। কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতা, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘এসব বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে এবং বাংলাদেশেরও নিজস্ব পর্যবেক্ষণ আছে। কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য রয়েছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে।
সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশেরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত। এসব বিষয়ে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংকসহ অন্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
অর্থমন্ত্রীর এই বক্তব্য আগের দেওয়া আরেকটি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। যেখানে তিনি বলেছিলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবি টাকা দেবে আর আমরা দেশ চালাবো- এই ধারায় আমরা পরিবর্তন আনছি।’
নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে চললেও ঋণের পরিমাণ, শর্ত পূরণের সময়সীমা এবং অর্থ ছাড়ের বিষয়ে বৈঠকে সুনির্দিষ্ট কোনও তথ্য জানাননি অর্থমন্ত্রী। ফলে নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ কত ঋণ পাবে এবং কোন শর্তে সেই অর্থ ছাড় হবে, তা চূড়ান্ত হতে আরও আলোচনা প্রয়োজন।
এছাড়া জ্বালানি খাতের বাড়তি ভর্তুকি ব্যয় মেটানোসহ সামগ্রিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের নিয়মিত সহায়তার বাইরে আগামী তিন বছরে ১০ বিলিয়ন ডলার ঋণ নিতে চায় সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের প্রথম দিনে গত ১৩ অক্টোবর বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের আলাদা বৈঠকে ওই সহায়তার অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রস্তাবিত ৪.৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতেও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাওয়ার শর্তগুলো একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা করছে সরকার। পারস্পরিক আলোচনার মাধ্যমে শর্তগুলো পরিমার্জন করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের সংস্কার কর্মসূচির সঙ্গে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনার বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই বিষয়গুলোর সমাধান করা সম্ভব বলে সরকার আশাবাদী।