মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে পড়া এক বয়স্ক যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে স্ট্রোক করে মারা যান ওই ব্যক্তি। মৃত্যুর আগে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আশপাশের মানুষের কাছে বসার জন্য সিট চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সিট ছেড়ে দেননি বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মৃত ব্যক্তির সন্তান নাকিবুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই হৃদয়বিদারক ঘটনা শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে নাকিবুর রহমান জানান, গত ২৪ অক্টোবর দুপুরে তার বাবা শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে মেট্রোরেলে এই মর্মান্তিক পরিস্থিতির শিকার হন।

তিনি লিখেছেন— "আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহুর্তেই মৃত্যু বরন করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশে পাশের লোক জনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ জায়গা ছেড়ে তাকে বসতে দেন নি।"

তিনি আরও উল্লেখ করেন, তার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই স্ট্রোক করে নিচে পড়ে যান। বিষয়টিকে মহান আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নিলেও "সন্তান হিসেবে এইটুকু মেনে নেয়া কষ্টকর" বলে উল্লেখ করেছেন তিনি।

কারও প্রতি কোনো ধরনের ক্ষোভ বা অভিমান নেই জানিয়ে শোকার্ত এই সন্তান লিখেছেন— "শুধু এই টুকুই বলবো সবাইকে, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সাথে বন্ধু সুলভ আচরন করুন। আপনি আজকে যাকে ইগ্নোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।"

ঘটনাটি নিয়ে কেউ যেন মেট্রোরেলের নিয়মকানুন, যাতায়াতের উচিত-অনুচিত কিংবা কোনো ধরনের দোষারোপমূলক মন্তব্য না করেন, সে বিষয়েও বিনীত অনুরোধ জানিয়েছেন নাকিবুর রহমান।

তিনি ওই পোস্টে আরও উল্লেখ করেছেন, "অনুগ্রহ করে কেউ মেট্রোরেল যাতায়াত সংক্রান্ত উচিত অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপ স্বরুপ মন্তব্য করবেন না। চলাফেরা করার সময় আমাদের আশে পাশের মানুষদের কমফোর্ট থাকার বিষয়টা খেয়াল করাই উত্তম।"