ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম কিভাবে সুর বদলায়, তার একটি দৃষ্টান্ত দেখা গেলো পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায়। দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের জোটের রাজনৈতিক পতনের পরপরই, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল লাইভে এসে অতীতের অপসাংবাদিকতা ও একপেশে প্রচারের জন্য সরাসরি জনগণের কাছে ক্ষমা চেয়েছে।

গত ২৫ অক্টোবরের নির্বাচনে দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ‘সার্বিয়া’স স্টুডেন্ট লিস্ট’-এর কাছে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়ে প্রেসিডেন্ট ভুসিচের শাসক জোট। নির্বাচনের প্রথম রাতে বিজয়ী শিক্ষার্থীদের উল্লাসের দৃশ্য বেমালুম চেপে গিয়েছিল রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গণমাধ্যম ‘রেডিও টেলিভিশন অব ভোজভোডিনা’ (RTV)। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের ধাক্কা এতটাই তীব্র ছিল যে, পরদিন ২৬ অক্টোবর রাতে নিজেদের বুলেটিনের শুরুতেই সেই বিজয়ের দৃশ্য সম্প্রচার করতে বাধ্য হয় তারা।

এরপরই দেখা যায় এক নজিরবিহীন দৃশ্য। সংবাদ উপস্থাপক গোরান এরো লাইভ বুলেটিনে লিখিত বিবৃতি পাঠ করে সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “বছরের পর বছর ধরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমরা চুপ থেকেছি, চোখ বন্ধ করে রেখেছি, ঘটনাগুলো একতরফাভাবে প্রচার করেছি এবং প্রয়োজনীয় প্রশ্ন করতে ব্যর্থ হয়েছি। এর জন্য আমরা আমাদের দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি।”

এসময় টিভি স্ক্রিনের গ্রাফিক্সে ভেসে উঠছিল প্রোপাগান্ডা যন্ত্রের দেউলিয়াত্বের স্বীকারোক্তি: “বছরের পর বছর ধরে আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি”। লাইভ বুলেটিনে এই ঘটনার পরপরই দায় স্বীকার করে পদত্যাগ করেন চ্যানেলটির ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক নেনাদ চ্যাচিচ।

গণমাধ্যমের বিরুদ্ধে জনরোষ

কেবল রাষ্ট্রীয় মাধ্যমেই নয়—কর্তৃত্ববাদী শাসনের ছত্রছায়ায় গড়ে ওঠা আধা-বেসরকারি প্রোপাগান্ডা চ্যানেলগুলোর বিরুদ্ধেও জনরোষ ছড়িয়ে পড়ে নির্বাচনের পর। ২৬ অক্টোবর সন্ধ্যায় ভুচিচ সরকারের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ‘ইনফর্মার টিভি’র নিউজরুমে সরাসরি ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। লাইভ নিউজরুমের ভেতর দাঁড়িয়ে তারা প্রশ্ন তোলেন, "মুক্ত সার্বিয়ায় এমনই হয়! ভুসিচ এখন কোথায়?"

একই সময়ে সার্বিয়ার স্বাধীন সাংবাদিক সংগঠন (আইজেএএস) আইন ও সম্প্রচার নীতিমালার লঙ্ঘনের অভিযোগে ইনফর্মার টিভির সম্প্রচার লাইসেন্স বাতিলের আনুষ্ঠানিক দাবি জানায়। যদিও চ্যানেলটির সম্পাদক দ্রাগান ভুচিচেভিচ এই প্রতিবাদকে নতুন শক্তির “গণমাধ্যমের ওপর চড়াও হওয়া” হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। অন্যদিকে, রাজধানী বেলগ্রেডে ভুচিচ-ঘনিষ্ঠ ‘পিংক টিভি’র কার্যালয় ঘেরাও করে সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রনে নেয়।