গত ১৪ অক্টোবর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে দেশের অনলাইন সংবাদমাধ্যম ‘আজেল’-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের কারণ দেখিয়ে আদালত অভিযোগগুলো প্রমাণিত বলে রায় দিয়েছে এবং ইসলামী আইন অনুযায়ী বিবেচনামূলক শাস্তি ‘তা'জির’-এর অধীনে তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম আবদুল বশীর ও স্মৃতি আকতার।
দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনাটির সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়ে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিকপত্রও দেওয়া হয়।
এ বিষয়ে গতকাল রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার জরুরি বৈঠক করেন।
‘বড় শিক্ষা’ বলছেন শামা ওবায়েদ, ‘পাপের লাশ’ বলার পর এমপির দু:খ প্রকাশ
সৌদি রাষ্ট্রদূতকে তলব করে পরিস্থিতি জানতে চাইলেও দেশের দুই নাগরিকের বিষয়ে আগে থেকে কোন তথ্য জানে না বাংলাদেশ সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো আগাম বার্তা দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
তিনি উল্লেখ করেন, জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে জানা গেছে– মক্কার একটি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক বা ব্যভিচারজনিত কাজে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আইনি কাঠামো অনুযায়ী এই কঠোর দণ্ড দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কিছু না পাওয়ায় বিস্তারিত জানতে চিঠি দেওয়া হয়েছে। সৌদি আরব চিঠির জবাব দিলে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মরদেহ দেশে ফেরত আনার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ জানা সম্ভব হবে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।
শামা ওবায়েদ বা সরকারের পদস্থ কোন কর্মকর্তা ঘটনা সম্পর্কে আগে জানতেন না, না জানার বিষয়কে ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে না দেখিয়ে উল্টো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ ঘটনাকে ‘আমাদের জন্য বড় শিক্ষা’ উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দেন।
বাংলাদেশি দুই নাগরিকের ক্ষেত্রে তাঁদের অধিকার কী রয়েছে, সেটির দিকে নজর না দিয়ে উল্টো প্রবাসী বাংলাদেশিদের আইন- কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, ‘আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’ আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকারের সঙ্গে একটা ভালো, গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা নতুন একটা উচ্চতায় ইনশাআল্লাহ যাবে এবং যাচ্ছে।’
অন্যদিকে, বিএনপির দলীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান রতন সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের প্রসঙ্গে স্টার নিউজের টকশোতে বলেন, ‘আমি এই কথা প্রকাশ্য টেলিভিশনে বলছি, অন এয়ারে বলছি, বুঝে শুনে বলছি, এখানে বিবেক টিবেক খাটাতে আইসেন না, আমি পবিত্র মসজিদের প্রতি ইমোশন থেকেই বলছি, ঐ পাপের লাশ বাংলাদেশে আসুক এটা আমি চাই না, আমার এই কথা বলার জন্য আমাকে যে কোন শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেবো।’
তবে রতন তার বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার দুপুরে তার নিজ ফেসবুক অ্যাকউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। রতন ফেসবুকে লিখেন, ‘সম্প্রতি স্টার নিউজের একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে , সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’’-আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাই-নদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটি জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
একই সুরে কথা বলছেন ‘বিতর্কিত’ হারুন ইজহারও
দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘আমাদের জন্য বড় শিক্ষা’ উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দেন। একই সুরে কথা বলেছেন বিভিন্ন সময় নানা ‘বিতর্কিত’ মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য পরিচিত নাম জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক হারুন ইজহারও। এ ঘটনা থেকে প্রবাসী বাংলাদেশিরা বহুমুখী শিক্ষা গ্রহণ করতে পারেন উল্লেখ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন। তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘…শরীআহ্ আইনে হুদুদ ও কিসাসের বাইরে তা'জীর স্বরূপ মৃত্যুদণ্ড আরোপ করা ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে অনুমোদিত। বাংলাদেশী দুই নাগরিকের বিষয়টিতে এটা প্রযোজ্য কিনা তা জানাও মুশকিল। সামগ্রিক বিবেচনায় এখানে কনফিউশন রয়েছে। কিন্তু যে আলাপটা জরুরি তা হচ্ছে, বিদেশের মাটিতে বাংলাদেশী কমিউনিটিতে নৈতিক অধঃপতন বিপজ্জনক। ব্যাভিচারের মাত্রা উদ্বেগজনক! অনৈতিক ব্যবসার এক কালো অন্ধকার জগৎ রয়েছে। সউদী বিচারব্যবস্থার আলাপের চেয়ে এ আলাপটা আমাদের জন্য জরুরি। এ ঘটনা থেকে প্রবাসী বাংলাদেশিরা বহুমুখী শিক্ষা গ্রহণ করতে পারেন…।’
প্রতিমন্ত্রী ও এমপির বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও বিএনপির এমপি কামরুজ্জামানের এ ধরণের বক্তব্যের সমালোচনা করছেন নেটিজেনরা। লেখক ও গবেষক সহুল আহমদ লিখেন, ‘বিএনপির একজন আইনপ্রণেতা বা সংসদ সদস্য টকশোতে বলেছেন, তিনি মানবতা দেখবেন না। সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 'পাপের লাশ' বাংলাদেশে আসুক তিনি চান না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এটা ‘শিক্ষা' হইছে’। ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তাইলে এইটাই। এই হচ্ছে তাদের ‘মেরুদণ্ড’ সোজা করা নীতি। মিনিমাম প্রতিবাদটাও জানাইতে পারতেছে না, দূতাবাসগুলোর ব্যর্থতা তো মানা তো দূরের কথা, উল্টো দোষ দিচ্ছে ভিকটিমকে।’ মাহমুদুল হাসান নামের একজন অ্যাক্টিভিস্ট এ নিয়ে বড় একটি স্ট্যাটাস দেন, তিনি স্ট্যাটাসের এক পর্যায়ে লিখেন, ‘ওনি হয়তো ভুলে গেছেন, একজন জনপ্রিতিধি শুধু ভালোমানুষদের সার্থ দেখবে তেমনটা নয়, তার দায়িত্ব অপরাধীদের ও। অপরাধীরাও যেন যথাযথ আইনি সহায়তা পায় সেটাও লক্ষ্য রাখাও একজন জনপ্রতিনিধির দায়িত্ব।’
ফেরদৌসী সেতু লিখেন, ‘প্রবাসীদেরকে এতোটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা দেখে অবাক হলাম। শুধু মনে করিয়ে দিই, রেমিট্যান্স শাটডাউন করার পরই কিন্তু হাসিনা সরকার বুঝেছিল প্রবাসী বাংলাদেশিদের ভ্যালুটা আসলে কোন্ লেভেলে। এই সরকার কে বলি, শাটডাউনের আগেই আপনারা নিজেদের কে প্রবাসীবান্ধব সরকার হিসেবে প্রমাণ করুন।’
আহসান উল্লাহ রিয়াজ লিখেন, ‘বিএনপির একজন আইনপ্রণেতা বা সংসদ সদস্য টকশোতে বলেছেন, তিনি মানবতা দেখবেন না। সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 'পাপের লাশ' বাংলাদেশে আসুক তিনি চান না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এটা একটা ‘শিক্ষা’ হইছে। এই হচ্ছে বিএনপির সবার আগে বাঙলাদেশ।’
গোলাম মুসাব্বির জয় লিখেন, ‘বাংলাদেশের আসল সংস্কৃতি হলো ভিক্টিম ব্লেমিং, আর আমরা এই সংস্কৃতিকে এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছি। তুমি বিএনপির আর কোন কোন কৃতিত্বকে অস্বীকার করবে?
ভিয়েনা কনভেনশন কী বলে
ভিয়েনা কনভেনশন ১৯৬৩ (Vienna Convention on Consular Relations 1963) এর ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো বিদেশী নাগরিক অন্য কোনো দেশে গ্রেপ্তার বা দণ্ডিত হলে কনস্যুলার সুবিধা পাওয়ার আইনি অধিকার রাখেন।
ভিয়েনা কনভেনশনের প্রধান নিয়মাবলীর মধ্যে রয়েছে তথ্য পাওয়ার অধিকার। কোনো বিদেশী নাগরিক গ্রেপ্তার বা আটক হলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ কালবিলম্ব না করে ওই ব্যক্তির দেশের দূতাবাস বা কনস্যুলেটকে তা জানাতে বাধ্য। দ্বিতীয়ত, আটক ব্যক্তি যাতে নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন এবং আইনি সহায়তা (আইনজীবী নিয়োগ, আপিল করা) পেতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তি কার্যকর করার আগে অবশ্যই দণ্ডিত ব্যক্তির নিজ দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে আগে থেকে অবহিত করতে হয়।
যেখানে প্রশ্ন উঠেছে
বাংলাদেশকে না জানানো: সৌদি আরব এই দুই বাংলাদেশির বিচার প্রক্রিয়া বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ঢাকাকে কোনো আগাম বা আনুষ্ঠানিক তথ্য দেয়নি, যা আন্তর্জাতিক কনস্যুলার নিয়মের পরিপন্থী।
মরদেহ হস্তান্তরের জটিলতা: সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরব নিজস্ব নিয়ম অনুযায়ী মরদেহ ওখানেই দাফন করে ফেলে। তবে আগাম তথ্য না পাওয়ায় বাংলাদেশ সরকার তাদের আইনি অধিকার রক্ষায় কোনো শেষ চেষ্টা বা মরদেহ দেশে ফিরিয়ে আনার আলোচনা করার সুযোগ পায়নি।
কী বলছেন অভিবাসন বিশেষজ্ঞ
ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান বলেন, ‘আপনার নিজের দেশের দুইজন নাগরিককে গ্রেফতার করবে তিন বছর ধরে, তারা কারাবন্দী থাকবে, তারপর বা ফাঁসি হয়ে যাবে। আমরা জানি না, আমাদের জানায় নাই। কোনোটা বলে আসলে দায় এড়ানোর সুযোগ নেই। দ্বিতীয়ত, এখানে ভিয়েনা প্রটোকল অনুযায়ী যেকোনো একজন বিদেশী নাগরিক গ্রেফতার হলে তাকে কনসুর সুবিধার জন্য দূতাবাসে জানানোর কথা। সে আসলে আইনজীবী পেয়েছিল কিনা, তার পক্ষে আইনজীবী ছিল কিনা, তার পরিবারের সাথে আমি খোঁজখবরে জেনেছি- এমনকি ফাঁসির আগ মুহূর্ত পর্যন্ত পরিবারও জানতো না যে তাকে ফাঁসিতে দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যদি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা ইউরোপের নাগরিক কিংবা আজকে একজন শ্রীলঙ্কা বা ভারতের সাথে এই ঘটনা ঘটতো তখন কি তাকে ফাঁসি দেয়া হইতো? মৃত্যুদণ্ড দেয়া হইতো? আরেকটা দেশ কিভাবে সম্মান দিবে সেটা নির্ভর করে, সেই দেশ তার নাগরিকের সম্মান কিভাবে ট্রিট করে। আমাদের নাগরিকদের যেভাবে ট্রিট করবো সৌদি আরব মালয়েশিয়া কাতারসহ পৃথিবীর সব দেশ সেভাবেই আমাদের নাগরিকদের ট্রিট করবে। এখন আমরা কি আমাদের নাগরিকদের যথাযথ মর্যাদা দেই ? যথাযথ সম্মান দেই? দূতাবাসে কি তারা যথেষ্ট কাঙ্ক্ষিত ব্যবহার পায় ? পায় না।’
শরিফুল হাসান আরও বলেন, ‘দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না শুধু, আমি মনে করি- রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতা। সৌদি আরব তো শুধু এই দুইজন নাগরিক না, গত কয়েক বছরে সৌদি আরব থেকে শতাধিক নারীর লাশ আসছে। আমাদের হাজার দশেক মেয়ে ফেরত আসছে, ধর্ষণ থেকে শুরু করে তাদের গায়ে গরম পানি দেওয়া, মাথার চুল ফেলে দেওয়া, গায়ে আয়রন দেওয়া, যৌন নির্যাতনের শিকার- এমন বর্বরতা নেই যা তাদের সাথে ঘটে নাই। কিন্তু কোন ঘটনায় আমরা কোনো সৌদি নিয়োগকর্তাকে শাস্তি দিতে আনতে পেরেছি?’
‘এটা আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। ব্যর্থতা ততদিন পর্যন্ত থাকবে, যতক্ষণ না আমরা আমাদের নাগরিকদের সম্মান দিতে পারবো। গোটা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে একজন মানুষের জীবন পাওয়া যায় না। একজন মানুষের জীবন ভীষণ গুরুত্বপূর্ণ।’