গত ৯ সেপ্টেম্বর ২০২৬ দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এক পরিপত্রে বিষয়টি জানিয়ে বলা হয়, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।’ সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

এর মধ্যে আজ PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়-এর ফেসবুক পেজ থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়। লাইভটির ক্যাপশনে লেখা হয়, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলন।’

উল্লেখ্য, PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পেজটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত পেজে একই শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ নিয়ে বিভিন্ন ব্যক্তি প্রশ্ন ও মন্তব্য করেন।

সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই পোস্ট শেয়ার করে লিখেন, ‘দুইদিন আগেই না প্রজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বোধনের আগে মাননীয় উল্লেখ না করার পরামর্শ দেয়া হলো? এখন যদি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড পেইজ থেকেই মাননীয় সম্বোধন করে পোস্ট দেয়া হয় এবং প্রেস ব্রিফিং এও সেভাবে উল্লেখ করা হয়, তাহলে সেটা একটু বিব্রতকর হয়ে দাঁড়ায় না?
আর প্রধানমন্ত্রী তো প্রত‍্যক্ষ ভোটেই নির্বাচিত হয়েছেন (তাঁর দল) তাহলে সেটা আবার এভাবে উল্লেখ করার দরকার কি?’

লিমন মাহমুদ হাসান নামের একজন ওই পোস্ট শেয়ার করে লিখেন, ‘এখানে গলদ দুইটা। এক, কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রী কে সম্বোধন করার আগে মাননীয় শব্দ উল্লেখ না করার পরামর্শ দেওয়া হইলেও খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেইজ ও প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হলো।

দুই, প্রধানমন্ত্রী কে সরাসরি সারা দেশের জনগণ ভোট দেয় না। সংসদ সদস্যদের ভোট দেয়। আর তাঁরা সরকারের নেতা নির্বাচিত করে।
একটা দেশ যে কীভাবে চলছে, সমস্ত গান্ডুদের দিয়ে, কী যে হবে!’

এ ছাড়া হাসিনা আক্তার নামের একজন লিখেন ‘মাননীয় শব্দ যে বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং বোধ হয় জানে না এখনো , প্রধানমন্ত্রীর প্রশংসা না করে দেশের জন‍্য কি কাজ করছেন তা বলেন ভাই, ছয় মাসে আপনারা ভুল করবেন সাংবাদিকরা বলতে পারবে না?’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা প্রশ্নের ক্ষেত্রে পরিপত্রটির প্রযোজ্যতার বিষয়টি আলাদা করে দেখা প্রয়োজন। পরিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে লিখিতভাবে ব্যবহার না করার কথা বলা হয়েছে।

অর্থাৎ, পরিপত্রটির ভাষায় ফেসবুকের ক্যাপশন, লাইভ সম্প্রচার কিংবা বক্তব্যে ‘মাননীয়’ শব্দ ব্যবহারের বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞার কথা উল্লেখ নেই। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের লাইভে ‘মাননীয়’ শব্দ ব্যবহারের ঘটনাকে পরিপত্রের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখার আগে পরিপত্রে নির্ধারিত ‘দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ’ এই পরিধিটি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান বেঙ্গল লেন্সকে বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যোগাযোগ ও নথিপত্র বলতে অফিশিয়াল লেটার বা চিঠি। এখান ওই নথিপত্রের মধ্যে তো ফেসবুক এখনো কোনভাবে ইনক্লুডেড না। তো ফেসবুক ক্যাপশন বা ফেসবুক পেইজ এটাকে তো এখনো সরকারি নথিপত্র হিসেবে কোন স্বীকৃতি দেওয়া হয় নাই। এজন্য ফেসবুক পেইজ বা ক্যাপশনের কথাবার্তা ওই সংজ্ঞার মধ্যে আসবে না । মুখে বলা বা বক্তব্যের ক্ষেত্রেও মাননীয় বলতে বাধা নেই কারণ এটা শুধু সরকারি অফিশিয়াল নথিপত্রের জন্য।