সম্প্রতি ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের ৩৩টি পতিতালয় ছিল’ বলে মন্তব্য করেছেন যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

তিনি বলেছেন, “আমাদের প্রোডাকশন, আমাদের ঠাকুর—উইথ অল রেসপেক্ট, ঠাকুর পরিবার। আমি কী করে ভুলব যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের ৩৩টি পতিতালয় ছিল? এটা আমি কী করে ভুলব? এটা তো সত্য ঘটনা। ‘কলকাতার পতিতালয়ের ইতিহাস’ নামে বই পাওয়া যায়। পড়ে দেখেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আমারে জবাই করে ফেলে দেন।”

গত ১১ অক্টোবর রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এক পোস্টে লিখেছেন, “রবীন্দ্রনাথ হওয়া এতো সোজা না! ৪৩টা পতিতালয় চালাইয়া, কাস্টমার রিভিউ ঠিক রেখে আবার সাহিত্যসাধনা করা চাট্টেখানি কথা না।”

রবীন্দ্র পরিবারের পতিতালয় ব্যবসার পরিচালনার দাবিটি মাঝেমাঝেই আলোচনায় আসে। এ দাবির সঙ্গে কখনো রবীন্দ্রনাথের নাম, কখনো তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এর নাম, আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের নাম আসতে দেখা যায়।

গত ১৩ সেপ্টেম্বর Moudud Ahamed নামে একজন লিখেছেন, “রঠার পৈতৃক সূত্রে পাওয়া ৪৩ টা পতিতালয় ঠিক ৪৩ টা কাব্যগ্রন্থের সমান। দুনিয়াতে তারচে বড় বৌদিখোরও কিন্তু কেউ ছিলো না। আপনারাই বলুন কোন দিক দিয়ে রঠা পিছিয়ে ছিলো, আমি তো কোন দিকই দেখিনা তার পিছিয়ে থাকার! বিশ্বকবিও কিন্ত ৪৩ টার ননস্টপ সার্ভিসের ফল ”

বেঙ্গল লেন্স দেখার চেষ্টা করেছে, এই তথ্যের উৎস কি?

আদীল শাকির নামে একজন ব্লগার ২০১৫ সালের ২৮ মার্চ “পতিতা ও পতিতাবৃত্তির ইতিহাস” শিরোনামে প্রকাশিত একটি ব্লগে দাবি করেছেন, সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, ১৯৬২- বইয়ের ৩৫৮-৬০ পৃষ্ঠায় বলা হয়েছে, "এমনকি কিছু পতিতা শহরে প্রকাশ্য রাজপথে নৃত্য পর্যন্ত করতো। সাধারণ মানুষ পুলিশের কাছে আবেদন করা সত্ত্বেও এর কোনো প্রতিকার হয়নি। কারণ কলকাতার পুলিশ ধনীদের তৈরি বেশ্যালয় গুলোতে হস্তক্ষেপ করতে সাহস পেত না । শুধু মাত্র দ্বারকানাথ ঠাকুর কলকাতার একটি এলাকাতেই তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক ছিলেন।"

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী বইটির ৩৫৮-৬০ পৃষ্ঠায় এমন কোনো তথ্য নেই। বইটি পড়ুন এখানে।

কোথা থেকে এলো এই দাবি?

সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা "Under the Raj: Prostitution in Colonial Bengal" বইয়ের ৭২ নম্বর পৃষ্ঠায় ‘The ‘Beshya’ and the ‘Babu’’ অধ্যায়ে উল্লেখ রয়েছে, "১৮০৬ সালের একটি জরিপ এবং তৎকালীন পুরনো রেকর্ড অনুযায়ী, কলকাতার বউবাজার স্ট্রিটের ২৩৫ এবং ২৩৬ নম্বর বাড়িতে একটি পতিতালয় ছিল, যার মালিক ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পরিবারের একজন সদস্য। পতিতালয়টিতে পতিতাদের ব্যবহারের জন্য মোট ৪৩টি রুম ছিল।" লেখক আরও উল্লেখ করেছেন যে, "১৯ শতকের শুরুর দিকে এই ব্যবসাটি বেশ লাভজনক ছিল এবং তখনও পর্যন্ত এর ওপর সেরকম তীব্র নৈতিক বা সামাজিক কুখ্যাতি যুক্ত হয়নি। এর ফলেই কলকাতার কোনো উচ্চবিত্ত ও সম্ভ্রান্ত আভিজাত পরিবারের সদস্যও এই পেশার জন্য নিজেদের প্রাঙ্গণ ভাড়া দিতে কোনো দ্বিধাবোধ করেননি।"

বইটি পড়ুন এখানে।

এছাড়া সৌম্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর ১৯৭৭ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত কলকাতার নগর-ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী ইংরেজি প্রবন্ধ “ক্যালকাটা: মিথস অ্যান্ড হিস্ট্রি” এর ১০০ ও ১০১ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, “আকর্ষণীয় তথ্যের কিছু অংশ রক্ষা করতে আমরা ‘কমেন্ট কার্ড’ (মন্তব্য কার্ড) পদ্ধতি ব্যবহার করেছি। উদাহরণস্বরূপ, আমরা ময়না ঠাকুরানী (Moynah Tackooraney) নামের এক পতিতা সম্পর্কে কিছু তথ্য ধরে রাখতে সক্ষম হয়েছি; যিনি মুন্সী ছদরুদ্দীন লেনে দুটি জমির মালিক ছিলেন, যেখানে ১৪টি খেড়ের কুঁড়েঘর, একটি দোতলা বাড়ি এবং একটি মসজিদ ছিল। তবে তাঁর খদ্দের কারা ছিলেন এবং তাঁরা তাঁর সেই মসজিদে নামাজ পড়তেন কি না—তা আমাদের জানা নেই। এই কমেন্ট কার্ডগুলোতে ২৩৫ এবং ২৩৬ নম্বর বউবাজার স্ট্রিটের একটি পতিতালয়ের তথ্যও সংরক্ষিত রয়েছে, যার মালিক ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পরিবারের একজন সদস্য। এটিতে পতিতাদের ব্যবহারের জন্য ৪৩টি ঘর বা রুম ছিল এবং এর ভাড়ার পরিমাণ ছিল ১৪০ টাকা।”

বইটি পড়ুন এখানে

দ্বারকানাথ ঠাকুর কি পতিতালয়ের মালিক ছিলেন?

যে দুটি বইয়ের বরাতে দ্বারকানাথ ঠাকুরকে পতিতালয়ের মালিক দাবি করা হচ্ছে, উভয়টিতে দেখা যায় একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আর তা হলো- “কলকাতার বউবাজার স্ট্রিটের ২৩৫ এবং ২৩৬ নম্বর বাড়িতে একটি পতিতালয় ছিল, এবং ওই বাড়ির মালিক ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পরিবারের একজন সদস্য।”

তাছাড়া দু'টি বইতেই বাড়িটি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। পতিতালয় পরিচালনার কথা বলা হয়নি।

অর্থাৎ, এই পতিতালয়ের মালিক রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন, এই তথ্য ঐতিহাসিকভাবে কোনো গ্রন্থের তথ্য দ্বারা প্রমাণিত হয় না। বরং দ্বারকানাথের পরিবারের একজন সদস্যের কথা বলা হয়েছে বইটিতে।

এছাড়া ‘৪৩টি পতিতালয়’ এর তথ্যটিও সঠিক নয়। দুটো বইয়ে উল্লিখিত তথ্যই বলছে “কলকাতার বউবাজার স্ট্রিটের ২৩৫ এবং ২৩৬ নম্বর বাড়িতে ১টি পতিতালয় ছিল”। বরং বাড়ি দু'টিতে ৪৩টি কক্ষ থাকার কথা বলছে বই দু'টি।

২০২৩ সালের ১২ জুলাই শিক্ষক বাতায়নে মিরানা জামান মুক্তা নামের একজন শিক্ষক “দ্বারকানাথ ঠাকুরের পতিতাপল্লী- কিছু নতুন জানলাম” শিরোনামে একটি আর্টিকেলে লিখেছেন, “দ্বারকানাথের পরিবারের কোনো সদস‍্য এর মালিক ছিলেন" বইয়ে কথাটি আছে বলে দ্বারকানাথ পতিতাপল্লী চালাতেন, তিনি এর মালিক, এমনকি রবীন্দ্রনাথ এর টাকায় পরজীবীর মতন খেয়ে পরে দিনাতিপাত করেছেন- এমন সব অপপ্রচার করা যায়? দ্বারকানাথের পরিবার অর্থাৎ ঠাকুর পরিবারের ছোট তরফ যাকে বলা হয় সেখানে কি দ্বারকানাথ ছাড়া আর কোনো সদস‍্য ছিলেন না? মনে রাখতে হবে, রামলোচন ঠাকুররা ছিলেন পাঁচ ভাই (কারো মতে অবশ‍্য তিন ভাই এক বোন)। পরিবারের সদস‍্য সংখ্যা ছিল অনেক। সুতরাং তাদের মধ্যে যে কেউ ঐ বৌবাজারের সম্পত্তিটির মালিক হতে পারেন। দ্বারকানাথের মাথায় এই দায়টা চাপানোর কারণ কি?

প্রসঙ্গত, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জন্ম ১৭৯৪ সালে। অপরদিকে সৌম্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর কলকাতার নগর-ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী ইংরেজি প্রবন্ধ “ক্যালকাটা: মিথস অ্যান্ড হিস্ট্রি” বইয়ে উনিশ শতকের কলকাতার ঐতিহাসিক সম্পত্তি ও জনতাত্ত্বিক বিশ্লেষণের যেসব তথ্য উল্লেখ রয়েছে, তা ১৮০৬ সালের কলকাতা আদমশুমারির তথ্য থেকে উদ্ধৃত করা। তাই তথ্য সংগ্রহকালের হিসেবে দ্বারকানাথ ঠাকুরের বয়স ছিলো তখন ১২ বছর। আর সেই বয়সের তথ্যের ভিত্তিতে দ্বারকানাথকে পতিতালয়ের মালিক হিসেবে উল্লেখ করারও সুযোগ নেই।

এছাড়া রামমণি ঠাকুর ও মেনকা দেবী ছিলেন দ্বারকানাথ এর বাবা-মা। তার রক্তসম্পর্কিত ভাই ছিলেন দুজন— বড় ভাই রাধানাথ ঠাকুর এবং ছোট ভাই মহারাজ রামনাথ ঠাকুর। অর্থাৎ, তাঁরা আপন তিন ভাই ছিলেন। তবে ছোটবেলা থেকে তিনি তাঁর নিঃসন্তান বড় চাচা রামলোচন ঠাকুরের কাছে দত্তক পুত্র হিসেবে বেড়ে ওঠেন। দ্বারকানাথ ঠাকুরের পালকপিতা রামলোচন ঠাকুর ১৮০৭ সালে তাঁর মৃত্যুর পাঁচ দিন পূর্বে একটি উইল বা ইচ্ছাপত্রে দ্বারকানাথকে নিজের সব সম্পত্তির উত্তরাধিকারী মনোনীত করেন। সেই সম্পদের তালিকাতেও বৌবাজারের ২৩৫ ও ২৩৬ নং জায়গা বা বাড়ির কোনো বিষয় উল্লেখ পাওয়া যায় না।