ট্রাম্পের সঙ্গের তারেক রহমানের ছবিটি আসল, নাকি এআই? এমন বিতর্কের মধ্যেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের একটি রেপ্লিকার সাথে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান ও তাঁর সহধর্মিণী মিরাবেলা গ্র্যাদিনারুর একটি ছবি যুক্ত করে লিখেছেন, “এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?”
একই ছবির সূত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিটিকে এআই, এডিটেড ও রেপ্লিকার সঙ্গে তোলা ছবি বলে প্রচার করতে দেখা গেছে। এমন আরও পোস্ট দেখুন এখানে এখানে এখানে।
বেঙ্গল একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুলের সাহায্যে যাচাই করে দেখেছে, ট্রাম্পের কাটআউট বা রেপ্লিকার সঙ্গে রোমানিয়ার প্রেসিডেন্ট এর ছবিটি এআই জেনারেটেড।
এছাড়া রোমানিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়, ট্রাম্পের কাটআউটের সাথে ছবি তোলার তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এ সংক্রান্ত সংবাদ দেখুন এখানে।
গত ২৪ সেপ্টেম্বর দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ডোনাল্ড ট্রাম্পের সাথে তোলা আলোচিত দুটি সেলফির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটি সেলফি ঠিক একই স্থানে তোলা, যেখানে সম্প্রতি বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলে প্রকাশ করেছেন। তবে সবগুলো ছবিতে ডোনাল্ড ট্রাম্পের স্টাইল প্রায় একই রকম হওয়ায় এটি ডোনাল্ড ট্রাম্প, নাকি তার রেপ্লিকা- এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বেঙ্গল লেন্স একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের একই রকম ছবি যাচাই করে দেখেছে, ছবিগুলোতে ট্রাম্পের স্টাইলের একই থাকলেও বাম হাতের অবস্থান ভিন্ন। এছাড়া তারেক রহমান ও ডোনাল্ড ট্রাম্পের একসঙ্গের ছবিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রেপ্লিকার মধ্যে দুটো পার্থক্য দেখা গেছে।
১- মূল ছবিটির ব্যাকগ্রউন্ডে থাকা ঈগলের লেজের একটি অংশ ট্রাম্পের পেছনে ঢাকা পড়েছে। যা রেপ্লিকা দাবি করা ছবিতে ঢাকা পড়েনি।
২- রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দানের ছবিটিতে দেখা যায়- যুক্তরাষ্ট্রের পতাকার ওপর একটি ফিতা ঝুলছে। অন্যদিকে তারেক রহমানসহ অন্যান্য বিশ্বনেতাদের ট্রাম্পের সঙ্গে তোলা ছবিতে দেখা গেছে, একই পতাকার ওপর দুটো ফিতা ঝুলছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিকেল ৩টা ৪৩ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন। যার ক্যাপশনে তিনি লিখেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald J. Trump আয়োজিত রিসেপশনে অংশগ্রহণ। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। Photo Courtesy: White House”
হোয়াইট হাউসের বরাতে প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া গত ২৩ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘PM, wife attend Trump’s dinner for world leaders’ শিরোনামে প্রকাশিত সংবাদেও ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ডিনারের বিষয়টি ওঠে আসে।