একটি ভিডিওতে ছাত্রদলের হামলায় এক চোখ হারানো জাতীয় ছাত্র শক্তির কর্মী আলিফকে দেখা যাচ্ছে তিনি কালো চশমা পরে আছেন এবং কাগজে লেখা স্ক্রিপ্ট দেখে বলছেন, 'প্রতিহিংসার রাজনীতি আমার দুটো চোখ কেড়ে নিয়েছে।' ভিডিওটি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, "তথাকথিত ঝুলাই যোদ্ধার দুই চোখ নাকি নাই! অথচ দেখে দেখে দিব্যি বক্তব্য দিচ্ছে! মিথ্যা আর গুজবে সাজানো গোছানো পরিকল্পিত উন্নয়নের দেশটা আজ শেষ!"

একই ভিডিও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট তামিম তামজিদ উৎস “দুটো চোখ কেড়ে নেওয়ার পরেও ভাইয়া স্ক্রিপ্ট দেখে দেখে পড়ছে” ক্যাপশনে পোস্ট করেন। সেই পোস্টটি আবার শেয়ার দিতে দেখা গেছে সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের এজিএস প্রার্থী হওয়া তানভীর আল হাদী মায়েদকে।

আওয়ামীপন্থীদের আরও কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে

বিএনপিপন্থীদের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে এখানে এখানে এখানে

তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে ভিডিওটি এআই জেনারেটেড। এছাড়া ভিডিওতে দেখানো কিশোরের গলায় ঝুলে থাকা ফিতায় 'জাতীয় ছাত্রদল' লেখা রয়েছে। প্রকৃত পক্ষে ছাত্রদল তাদের নামের সঙ্গে 'জাতীয়তাবাদী' শব্দটি ব্যবহার করে। মূলত আলিফের গলায় থাকা ফিতাটি ছিল জাতীয় ছাত্রশক্তির। কিন্তু এআই দিয়ে ভিডিওটি নিজেদের মতো তৈরি করতে গিয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’ হয়ে যায় ‘জাতীয় ছাত্রদল’।

আলিফ চৌধুরীর মূল বক্তব্যের ভিডিওটি দেখুন এখানে। যেখানে আলিফ বলেন, ‘প্রতিহিংসার যে রাজনীতি, এই রাজনীতি আমার চোখের আলো কেড়ে নিয়েছে।’

এর আগে গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলের একটি ভিডিও ছড়িয়ে ছাত্রদলের হামলায় এক চোখ হারানো আলিফ চৌধুরীকে নিয়ে আরও একবার এক যোগে প্রচারণা চালায় আওয়ামী ও বিএনপিপন্থীরা।

সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশে বসে আলিফ নিজহাতে একটি পানির বোতল তুলে নেওয়ার ভিডিও ছড়িয়ে, "চোখ হারানো আলিফ পানির বোতল কিভাবে দেখলো?” এমন প্রশ্ন তুলে প্রচারণা চালানো হয়।

ছাত্রশক্তি নেতা আলিফ এক চোখ হারালেও অন্য চোখে তার দৃষ্টিশক্তি রয়েছে। আলিফ দুই চোখই হারিয়েছেন এমন দাবি এনসিপি বা আলিফ নিজেও কখনো করেননি। বেঙ্গল লেন্সের ফ্যাক্টচেক প্রতিবেদনটি দেখুন এখানে।

ছাত্রদল নেতা মায়েদের দেওয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাবেক সভাপতি তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ছাত্রশক্তির কাউন্সিলে আলিফ একটা বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যে আলিফ বলেছিল, "প্রতিহিংসার রাজনীতি আমার চোখের আলো কেড়ে নিয়েছে।" ছাত্রদলের ছোট লোকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই ভিডিও এডিট করে বানিয়েছে, "প্রতিহিংসার রাজনীতি আমার 'দুটি চোখ' কেড়ে নিয়েছে"। সেই ভিডিও আবার শেয়ার করতেছেন ঢাবি ছাত্রদল নেতা মায়েদ! দুই জন সাংবাদিক, ভিডিওটা এআই দিয়ে তৈরি জানালেও তিনি পোস্ট সরান নাই!

একটা ছেলের একটা চোখের আলো সারা জীবনের জন্য কেড়ে নিয়েও এদের শান্তি হয় নাই, এরা এখন দুঃখ করে অন্য চোখে কেন দেখতে পাচ্ছে! যদিও অন্য চোখের আলোও ২৫-৩০% নষ্ট হয়ে গেছে। মনুষ্যত্ব আজকাল রেয়ার জিনিসে পরিণত হইতেছে মনেহয়!

আবার, একটা ইন্টারেস্টিং তথ্য পাইলাম হামলাকারী ছাত্রদলের স ন্ত্রা সী আশারফুজ্জামান রিয়াজ, সদস্য সচিব, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল। যে কিনা আলিফের উপর হওয়া মামলার দুই নাম্বার আসামি, সে নাকি মায়েদের অনুসারী!

আলিফ কে নিয়ে হবিগঞ্জ যাচ্ছি। আলিফ পেছনের সিটে বসা। একটা অল্প বয়সী ছেলেকে অন্ধ করেও, ওদের মধ্যে বিন্দু পরিমাণ অনুতাপ, লজ্জা নাই। যাইহোক, আলিফরা বেঁচে থাকবে, একটা চোখ নিয়েই বেঁচে থাকবে, আর তোমাদের স ন্ত্রা সের সাক্ষী হিসেবে জনতা কে পথ দেখাবে।”