প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান একটি টকশোতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে গিয়ে দাবি করেছেন, ‘তখন মেয়েরা কোনো ফুটবল খেলতে পারবে না। মেয়েদের একটা ফুটবল খেলাও হয়নি। আর আমাদের ৬৫ হাজার স্কুলের বাচ্চারা ফুটবল খেলা শেষ করল কিছুদিন আগে।’
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, মেয়েদের ফুটবল খেলা নিয়ে ডা. জাহেদ উর রহমানের দাবিটি সঠিক নয়।
২০২৫ সালের ৮ জুলাই বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ‘তরুণ্যের উৎসব ২০২৫’ প্রথম পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে কমপক্ষে ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন নারী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। মোট ১৩ হাজার ৭১১টি ইভেন্টের মধ্যে শুধু নারীদের ক্রীড়া ও সংস্কৃতি ইভেন্ট ছিল দুই হাজার ৯৩১টি।
ক্রীড়া পরিদফতরের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিস সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায় হতে শুরু করে, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে আয়োজন করে অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। এসব আয়োজনের মধ্যে ছিল নারীদের ৮৫৫ ম্যাচ, যেখানে কমপক্ষে ২৫ হাজার ৬০০ নারী অ্যাথলিট অংশগ্রহণ করেছেন।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ ছিলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি উদ্যোগ। যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে উদযাপিত হয়।