মুসলিমপ্রধান বাংলাদেশে কি ইসলামোফোবিয়া আছে? সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র ঘিরে চলতি অক্টোবর মাসজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্নে তীব্র বিতর্ক চলছে। গবেষণাটির শিরোনাম ‘Islamophobia in Muslim-Majority Bangladesh: Interpersonal Experiences and Institutional Responses among Visibly Practicing Youth’।

লেখক তিনজন, মোহাম্মদ সরোয়ার হোসেন, ফারহিন ইসলাম এবং এস এম ইয়াসির আরাফাত। এটি ছাপা হয়েছে জার্নাল অব সাউথ এশিয়ান ইস্যুজ (জেএসএআই) নামের একটি ওপেন-অ্যাকসেস জার্নালের ২০২৬ সালের চলতি সংখ্যায়, ৩৬৭ থেকে ৩৮৩ পৃষ্ঠায় (জার্নাল পাতা, DOI)।

উল্লেখ্য, মোহাম্মদ সরোয়ার হোসেনকে ঘিরে নানা সময়ে নানা বিতর্ক উঠেছে। তাকে ঘিরে প্রধান বিতর্কগুলো মূলত তার লিঙ্গবৈচিত্র্য, ট্রান্সজেন্ডার ও সমকামিতাবিরোধী অবস্থানকে কেন্দ্র করে। তিনি এগুলোকে পশ্চিমা এজেন্ডা, এনজিও-জাতিসংঘের ষড়যন্ত্র এবং পরিবার ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেন।

এর আগে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনকে “অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ”, ঋতুস্রাব শিক্ষাকে “অশ্লীলতা” ও “বিলিয়ন ডলারের ব্যবসা”, এবং পাঠ্যপুস্তকে এর অন্তর্ভুক্তিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।

ইসলামফোবিয়া নিয়ে তার গবেষণাটির মূল দাবি হল, দৃশ্যমানভাবে ইসলাম ধর্ম পালন করেন এমন তরুণদের বড় অংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে বৈষম্যের মুখে পড়ছেন।

গবেষণায় ঠিক কী বলা হয়েছে?

গবেষকরা দাড়ি আর বোরকাকে 'ইসলামিক মার্কার' বা দৃশ্যমান ধর্মীয় চিহ্ন হিসেবে ধরেছেন। তারপর দেখার চেষ্টা করেছেন, এই চিহ্ন যাঁদের আছে, তাঁরা দৈনন্দিন জীবনে কেমন আচরণের মুখে পড়েন।

গবেষণার জন্যে জরিপে অংশ নেন ১ হাজার ৬৫৫ জন। গবেষণাপত্র অনুযায়ী, ৯৭ দশমিক ১ শতাংশ জানিয়েছেন—তাঁরা নিজেরা ইসলামবিদ্বেষের মুখোমুখি হয়েছেন, অথবা অন্য কারও সঙ্গে ঘটতে দেখেছেন। আর ৫৫ দশমিক ৭ শতাংশ বলেছেন, শিক্ষা বা পেশাগত জায়গায় তাঁরা সরাসরি এর শিকার। এই ৯৭ শতাংশ সংখ্যাটি নিয়েই মূল আপত্তি এখন ফেসবুকের তর্কে বিতর্কে।

তবে গবেষণাটির মেথডলজি বিশ্লেষণ করলে এর বেশ কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে। গবেষণাটি 'পারপাসিভ স্যাম্পলিং' বা উদ্দেশ্যমূলক নমুনা সংগ্রহ-নির্ভর হওয়ায় এটি নির্দিষ্ট একটি গোষ্ঠীর অভিজ্ঞতা বোঝার জন্য উপযোগী হলেও এখান থেকে বাংলাদেশের সব মুসলমান বা সব মুসলিম তরুণের মধ্যে ইসলামোফোবিয়ার হার নির্ধারণ করা যাবে না।

এছাড়া গবেষকদের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী একই কথা বা আচরণ একজন ব্যক্তির কাছে ইসলামোফোবিয়া হিসেবে চিহ্নিত হলেও অন্যজন এটিকে সাধারণ অসৌজন্য, রাজনৈতিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখতে পারেন।

তবে গবেষণাটির সীমাবদ্ধতা যেমনি হোক, এরপর এটি নিয়ে উঠে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা। ঢাকা পেপার্সের সম্পাদক আরিফুজ্জামান তুহিন এই প্রেক্ষিতে ৯ অক্টোবর ফেসবুকে লেখেন '৯২% মুসলিমের দেশে ৯৭% ইসলামোফোবিয়া ডাহা গোঁজামিল নাকি ডানপন্থি চাল?' নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান জার্নালটিকেই 'ভুঁইফোড়' বলেছেন। এর পক্ষে তিনি দিয়েছেন বেশ কিছু যুক্তিও।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করাকে কেন্দ্র করে এই আলোচনা আবার উসকে দেন লেখক ও গবেষক কল্লোল মোস্তফা। তিনি তার ফেসবুকে লেখেন, 'বাংলাদেশে কোন ইসলামো ফোবিয়া নাই। এখানে ফোবিয়া বলতে যদি কিছু থাকলে তাহলে আছে: হিন্দু ফোবিয়া, সেকুলারিজম ফোবিয়া, আদিবাসী ফোবিয়া, ট্রান্স ফোবিয়া, হোমো ফোবিয়া, ফেমিনিজম ফোবিয়া ইত্যাদি।' তাঁর যুক্তি সহজ—যে ধর্মের মানুষ সংখ্যায় বেশি, সেই ধর্মকে ঘিরে ভয় তৈরি হয় না।

এর জবাবে লেখক ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক লেখেন, 'বাংলাদেশে ইসলামোফোবিয়া না থাকলে ওমর ফারুক ত্রিপুরাকে মারল কারা?'

ইসলামফোবিয়া কী

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে, ইসলামোফোবিয়া (Islamophobia) বলতে ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের প্রতি কিংবা সামগ্রিকভাবে ইসলাম ধর্মের প্রতি ভয়, ঘৃণা ও বৈষম্যমূলক আচরণকে বোঝায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফরাসি সাহিত্যে ‘ইসলামোফোবি’ (Islamophobie) শব্দটির ব্যবহার দেখা যায়।

সে সময় মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ও বৈষম্যমূলক নীতিকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে, বিশেষত ১৯৯০-এর দশকের শেষ দিকে, ইংরেজি ভাষায় শব্দটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। ক্যামব্রিজ ডিকশনারির মতে, ইসলাম বা মুসলিমদের সম্পর্কে অযৌক্তিক ভয়, অপছন্দ কিংবা নেতিবাচক পূর্বধারণাকে ইসলামোফোবিয়া (Islamophobia) বলা হয়।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ব্রিজ ইনিশিয়েটিভ (Bridge Initiative)-এর মতো গবেষণা প্রকল্পগুলো দেখায়, ইসলামোফোবিয়ার সঙ্গে ঐতিহাসিক গৎবাঁধা ধারণা, ভূরাজনীতি, গণমাধ্যমে কোনো বিষয়কে উপস্থাপনের ধরন এবং আর্থসামাজিক ক্ষমতাকাঠামোর পারস্পরিক সম্পর্ক রয়েছে।

মুসলিমপ্রধান দেশেও কি সম্ভব ইসলামোফোবিয়া?

বাংলাদেশের মত মুসলিম প্রধান দেশে ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ আছে কিনা, এটাই এখন অনলাইন তর্কের কেন্দ্র। কিন্তু ঘাটাঘাটি করলে দেখা যায়, আন্তর্জাতিক গবেষণায় বিষয়টি নিয়ে আলাদা বেশ কিছু কাজ আছে। এখানে এ সংক্রান্ত কিছু গবেষণার আলাপ করা যাক।

তুর্কি-জার্মান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এনেস বাইরাকলি এবং সালজবুর্গ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারিদ হাফেজের সম্পাদনায় ২০১৯ সালে রাটলেজ থেকে বেরিয়েছে Islamophobia in Muslim Majority Societies (রাটলেজ)। বইটির সারবত্তা হল, মুসলিমবিরোধী বিদ্বেষ শুধুমাত্র পশ্চিমা ভূগোলে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই সীমাবদ্ধ নয়। মুসলিমপ্রধান দেশেও ইসলামোফোবিয়া বিরাজমান থাকতে পারে, সেসব দেশে এটি মূলত আসে পশ্চিমাপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদের অভিজাত ক্ষমতাশীল শ্রেণির দিক থেকে।

বাংলাদেশে ইসলামোফোবিয়ার রকমফের নিয়েও হয়েছে কিছু গবেষণা। যেমন, আজমেরি সুলতানার ‘Islamophobia and Understanding Islam in Bangladesh’ গবেষণায় ১২০ জনের মত নেওয়া হয়। সেখানে ৭৪ দশমিক ২ শতাংশ বলেছেন, তাঁরা আশপাশে ইসলামবিদ্বেষের ঘটনা দেখেছেন। তবে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় এই নমুনা ছোট হওয়ায় গবেষনাটির সীমাবদ্ধতাও স্বীকৃত।

এর বাইরে স্বাধীন গবেষক তাহমিদ ইসলামের ‘The Paradox of the Secular State’ গবেষণার বক্তব্য ভিন্ন। তাঁর মতে, বাংলাদেশে ধর্মপালনে তেমন বাধা তার গবেষণাতে উঠে না আসলেও ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোকে 'নিরাপত্তা হুমকি' দেখিয়ে প্রান্তিক করা হয়েছে।

এছাড়া বেশ কিছু গবেষণায় মুসলিম-প্রধান দেশে ইসলামোফোবিয়া বিরাজ করার কিছু দালিলিক উদাহরণও পাওয়া যায়। যেমন,

তুরস্কে ১৯৯৭ সালের '২৮ ফেব্রুয়ারি প্রক্রিয়া'র পর বিশ্ববিদ্যালয়ে হেডস্কার্ফ নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা বহাল ছিল টানা ষোলো বছর—১৯৯৭ থেকে ২০১৩ পর্যন্ত। এই তথ্য এসেছে গবেষক জেইনেপ বি. উগুরের ‘Unveiled: the Effect of the Headscarf Ban on Women’s Tertiary Education in Turkey’ শীর্ষক গবেষণায়, যা Feminist Economics জার্নালে প্রকাশিত হয় ২০২০ সালের ২১ নভেম্বর (লিংক)।

তিউনিসিয়ায় ১৯৮১ সালে স্কুল ও সরকারি দপ্তরে হিজাব নিষিদ্ধ করে জারি হয় 'পরিপত্র ১০৮'। ২০০৩ সালে তা বাড়িয়ে সরকারি স্বাস্থ্যখাতের নারী কর্মীদের জন্যও প্রযোজ্য করা হয়। এ বিষয়ে কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের গবেষক হিন্দ আহমেদ জাকির গবেষণা ‘Veiled Transgressions’-এর সারসংক্ষেপ প্রকাশিত হয় ২০২৫ সালের ১৫ মে (IFjP)।

মিসরে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় স্কুলে নেকাব নিষিদ্ধ করে (আল জাজিরা)। এর আগে কায়রো বিশ্ববিদ্যালয় নারী শিক্ষকদের ক্লাসে নেকাব পরা নিষিদ্ধ করেছিল।

আজারবাইজানে ঘটনাটি একেবারে চলতি। গত মাসে অনুমোদিত সংশোধনীতে স্কুলে 'ধর্মনিরপেক্ষতার নীতির' সঙ্গে সাংঘর্ষিক পোশাক নিষিদ্ধ করা হয়। দেশটির ৯৬ শতাংশ মানুষ মুসলিম। এরপরও শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ শুরু হয় (আল জাজিরা, ১২ অক্টোবর ২০২৬)।

ব্যক্তিপর্যায়ের সবচেয়ে বিস্তৃত কাজটি করেছেন সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী আলী কাসেম। ২০১৭–২০১৯ সালে ১০০-রও বেশি লেবানিজ নারীর সঙ্গে কাজ করে তিনি লেখেন ‘Anti-Muslim hate on the eastern shores of the Mediterranean’। এটি Ethnic and Racial Studies জার্নালের ৪৪তম ভলিউমে ২০২১ সালে প্রকাশিত হয় (সাসেক্স রিপোজিটরি)।

এছাড়া, তিউনিসিয়ার ৫৩ বছর বয়সী খাদিজা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিসকে বলেছিলেন, হিজাব পরার কারণে তিনি ২৫ বছর বেকার ছিলেন। চাকরির জন্য হিজাব ছাড়তে তিনি রাজি হননি (ICTJ)।