চাঁদপুর ও শরীয়তপুরের সীমান্তবর্তী চরাঞ্চলে সরকারি খাসজমি উদ্ধারে প্রশাসনের অভিযানের পর মাছের ঘের লুটপাট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে মূলধারার ইলেক্ট্রেনিক মিডিয়া চ্যানেল টোয়েন্টিফোর। তবে কোনো ধরণের ব্যাখ্যা না দিয়ে সেই ভিডিও প্রতিবেদন সরিয়ে নিয়েছে চ্যানেলটি৷
চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ থেকে প্রতিবেদনটি সরিয়ে নিলেও চ্যানেল টোয়েন্টিফোরের অনলাইন পোর্টালে প্রতিবেদনটি এখনও রয়েছে।
ঘটনাটি নিয়ে বাংলাদেশ প্রতিদিন খাসজমি উদ্ধারে প্রশাসনের টানা তিন দিনের অভিযান, আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়া, এনটিভি, ডিবিসি নিউজ, একুশে টেলিভিশন, বার্তাবাজার, রাইজিং বিডিসহ আরও বেশ কয়েকটি ইলেকট্রনিক-অনলাইন ভার্সনে এ সংবাদ প্রকাশ করে।
প্রকাশিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা যায়,
শরীয়তপুর-চাঁদপুর সীমান্তবর্তী মেঘনা নদী ও চরাঞ্চলে সরকারি খাসজমি দখলমুক্ত করতে চাঁদপুর জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে একটি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে মাছের ঘের ভাঙচুর, মাছ লুট, অগ্নিসংযোগ ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছেন মৎস্যচাষিরা।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ৫০ থেকে ৭১টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয় এবং ঘেরের বাঁধ কেটে মাছ নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্যচাষিদের অভিযোগ
প্রকাশিত সংবাদে দেখা যায়, ঘের মালিকদের দাবি, অভিযানের সময় কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি। শরীয়তপুরের ব্যক্তিমালিকানাধীন জমিতে থাকা কয়েকটি ঘেরেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘেরে থাকা মাছের ফিড, পাম্প, পাহারার ঘর পুড়িয়ে দেওয়া এবং গবাদিপশু (গরু-ছাগল) লুট করার অভিযোগ উঠেছে। এতে মৎস্যচাষিদের প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন।
সংবাদে আরও উল্লেখ করা হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ সরকারি খাসজমি দখলমুক্ত করতেই নিয়ম অনুযায়ী অভিযান চালানো হয়েছে। প্রশাসন অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে।
তবে বেঙ্গল লেন্স অভিযান পরিচালনার সময় ঘেরে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে।