সংবাদটির মূল বিষয় ছিল, আর্থিক সংকটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক শিক্ষার্থীর পরীক্ষার ফর্ম পূরণের টাকা বাইক রাইড শেয়ারিংয়ের আয় থেকে পরিশোধ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। ঘটনাটি নিয়ে গত ২৩ আগস্ট বিকেল ৪টা ৪৮ মিনিট থেকে রাত ৯টা ৩২ মিনিটের মধ্যে একাত্তর টিভি, বাসস, স্টার নিউজ, রূপালি বাংলাদেশ, বাংলাদেশ ডিপ্লোমেট, রাইজিংবিডি, আমার দেশ ও ভোরের পাতা প্রতিবেদন প্রকাশ করে।

হুবহু শিরোনাম

"বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ দিলেন ছাত্রদল নেতা"

এই শিরোনামটি বাসস, স্টার নিউজ ও ভোরের পাতা এই তিনটি গণমাধ্যমে হুবহু একইভাবে প্রকাশিত হয়েছে। এটি প্রথম প্রকাশিত হয় ভোরের পাতায় বিকেল ৪:৪৮-এ। এরপর স্টার নিউজে রাত ৮:৪৭-এ (অর্থাৎ প্রায় ৩ ঘণ্টা ৫৯ মিনিট পর) এবং বাসসে রাত ৯:০৮-এ (অর্থাৎ প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট পর) একই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রায়-অভিন্ন শিরোনাম দু'টিতে

রূপালি বাংলাদেশের শিরোনাম "বাইক রাইড শেয়ারিংয়ের আয়েই ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা দিলেন ছাত্রদল নেতা" এবং বাংলাদেশ ডিপ্লোমেটের শিরোনাম "বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা দিলেন ছাত্রদল নেতা" — এই দুটি শিরোনামের পার্থক্য কেবল একটি বর্ণে (একটিতে “আয়ে”, অন্যটিতে “ আয়েই”)।

হুবহু মিলে যাওয়া সংবাদাংশ

১. রূপালি বাংলাদেশ ও বাংলাদেশ ডিপ্লোমেট— সম্পূর্ণ বডি হুবহু

দুটি প্রতিবেদনের সম্পূর্ণ মূল সংবাদাংশ শব্দে-শব্দে অভিন্ন, শুধু অনুচ্ছেদ-বিভাজন ও কিছু বিরাম চিহ্নের উপস্থাপনায় সামান্য পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, উভয় প্রতিবেদনেই প্রথম বাক্যটি হুবহু এরকম–

"আর্থিক সংকটে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না পারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।"

এবং শেষ অনুচ্ছেদও হুবহু এরকম–

"বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি ইতোমধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, রাজনীতির প্রকৃত মূল্যায়ন পদবিতে নয়; বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই একজন ছাত্রনেতার পরিচয় ফুটে ওঠে।"

মাঝের সবগুলো অনুচ্ছেদও (তথ্যগত বর্ণনা এবং তারিকের উদ্ধৃতি উভয়ই) হুবহু মিলে যায়।

২. স্টার নিউজ ও ভোরের পাতা— শিরোনাম ও প্রায় সম্পূর্ণ বডি হুবহু

উভয় প্রতিবেদনের শিরোনাম সম্পূর্ণ অভিন্ন এবং বডির প্রথম অনুচ্ছেদ হুবহু এরকম–

"অভাব কখনো কখনো মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে চায়। কিন্তু কিছু মানুষ আছেন, যারা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নীরবে এগিয়ে আসেন। ঠিক তেমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।"

৩. বাসস— একই শিরোনাম, প্রায় হুবহু বডি (সামান্য শব্দ-পরিবর্তনসহ)

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের শিরোনাম স্টার নিউজ ও ভোরের পাতার সঙ্গে হুবহু অভিন্ন। বডির প্রথম চার অনুচ্ছেদ ঐ দুটি প্রতিবেদনের সঙ্গে প্রায় শব্দে-শব্দে মেলে — শুধু "ঢাকা বিশ্ববিদ্যালয়ের" পরে "(ঢাবি)" সংক্ষেপ যোগ করা এবং "তার/তাঁর" সর্বনামের রূপ পরিবর্তিত। তবে সহপাঠীদের উদ্ধৃতির আগে "ওই ছাত্রের" শব্দ যোগ করা হয়েছে এবং শেষ অনুচ্ছেদের একটি বাক্য কিছুটা ভিন্নভাবে লেখা।

৪. আমার দেশ— স্বতন্ত্র লিড, কিন্তু অভ্যন্তরীণ অনুচ্ছেদ হুবহু

আমার দেশের শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ (লিড) সম্পূর্ণ স্বতন্ত্রভাবে লেখা। তবে দ্বিতীয় অনুচ্ছেদ থেকে ষষ্ঠ অনুচ্ছেদ পর্যন্ত— শিক্ষার্থীর পটভূমি বর্ণনা, "সংশ্লিষ্টরা জানান…" অনুচ্ছেদ, সহপাঠীদের উদ্ধৃতি এবং তারিকের উদ্ধৃতি — স্টার নিউজ/ভোরের পাতা/বাসস-এর সঙ্গে শব্দে-শব্দে অভিন্ন বা প্রায় অভিন্ন। উদাহরণ — এই অনুচ্ছেদটি চারটি ভিন্ন প্রতিবেদনে (বাসস, স্টার নিউজ, ভোরের পাতা, আমার দেশ) হুবহু পাওয়া যায় এরকম–

"সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীর আর্থিক সংকটের কথা জানতে পেরে তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেন। নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে তিনি নিশ্চিত করেন, অন্তত অর্থের অভাবে যেন একটি শিক্ষাজীবন থেমে না যায়।"

৫. পুনরাবৃত্ত উদ্ধৃতি — সাতটি প্রতিবেদনে অভিন্ন

তরিকুল ইসলাম তারিকের নামে প্রকাশিত এই উদ্ধৃতিটি বাসস, স্টার নিউজ, রূপালি বাংলাদেশ, বাংলাদেশ ডিপ্লোমেট, রাইজিংবিডি, আমার দেশ ও ভোরের পাতা — এই সাতটি প্রতিবেদনে প্রায় হুবহু (শুধু উদ্ধৃতি-চিহ্নের ব্যবহার ও একটি কমার উপস্থিতি/অনুপস্থিতিতে সামান্য পার্থক্যসহ) পাওয়া যায়:

"অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা আমি কখনোই চাই না। আমি নিজেও সংগ্রামের পথ পেরিয়ে এসেছি। তাই সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছেলেটির সমস্যার কথা জানতে পেরে মনে হয়েছে, এটা আমার দায়িত্ব।"

একইভাবে সহপাঠীদের বেনামি উদ্ধৃতি —

"আজকের সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধু অর্থাভাবে উচ্চশিক্ষার পথে বাধার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।"

— বাসস, স্টার নিউজ, রাইজিংবিডি, আমার দেশ ও ভোরের পাতা — পাঁচটি প্রতিবেদনে হুবহু পাওয়া যায়।

ঢাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার সহায়তা নিয়ে প্রকাশিত আটটি প্রতিবেদন পর্যালোচনায় শুধু তথ্যগত মিল নয় বরং একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বাক্য, অনুচ্ছেদ ও তথ্য সাজানোর ক্রমেও উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। বিশেষত রূপালি বাংলাদেশ ও বাংলাদেশ ডিপ্লোমেটের মধ্যে সংবাদের সম্পূর্ণ বডির হুবহু মিল এবং বাসস, স্টার নিউজ ও ভোরের পাতার মধ্যে শিরোনাম-সহ প্রায় সম্পূর্ণ মিল পাওয়া গেছে।