ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ফোনালাপের একটি অযাচাইকৃত, সূত্রবিহীন একটি মনগড়া খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক মানবজমিন। বেঙ্গল লেন্সের অনুসন্ধানে দেখা গেছে ভারতের ধর্মীয় সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরআরএস) এর মুখপত্র অর্গানাইজার এর একটি সূত্রবিহীন ব্যক্তিগত মতের সূত্র ধরে। হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শিরোনামে প্রকাশিত এই সংবাদের কোথাও হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপের কোনো সূত্র যেমন উল্লেখ করেনি কূটনৈতিক মহলে আলোচনার কথা বলা হলেও কোথায় কোন কূটনৈতিকদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে তাও ‍উল্লেখ করেনি , নেই কোনো কূটনৈতিক সূত্রও।

যাচাইয়ে দেখা গেছে, সংবাদমাধ্যমে এটি প্রথমে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের মুখপত্র হিসেবে পরিচিত অর্গানাইজারে প্রকাশিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৬ অর্গানাইজারে ‘Putin calls Hasina? NSA Doval reportedly present as Bangladesh makes sudden India reset move after BRICS summit’ শিরোনামে আর্টিকেল প্রকাশ করেন ড. বিষ্ণু অরবিন্দ। এখানে দেখুন

আর্টিকেলটিতে দাবি করা হয়, ব্রিকস সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ২০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। ওই সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও একই কক্ষে উপস্থিত ছিলেন বলে তাতে দাবি করা হয়। তবে লক্ষ্যণীয় ব্যাপাার হচ্ছে মতামতটির শিরোনামেই ড. অরবিন্দ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। অর্থাৎ লেখক নিজেই নিশ্চিত নন পুতিন শেখ হাসিনাকে কল করেছে কি না। দ্বিতীয়ত ফোনালাপের সূত্র হিসেবে লেখক ‘According to the reports circulating online,......’ ব্যবহার করেছেন যার অর্থ অনলােইনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী’। এখানে কোন সংবাদমাধ্যমের বা অনলাইন কোন প্ল্যাটফর্মে, কে , কীভাবে এটি ছড়িয়েছে তা নিয়ে কোন সূত্র ব্যবহার করা হয়নি।

পরে ১৫ সেপ্টেম্বর সকালে হিন্দুস্তান টাইমস বাংলায় শিরোনামেই ‘Hasina-Putin Phone Call Speculation’ অর্থাৎ ‘হাসিনা-পুতিন ফোনকল নিয়ে জল্পনা’ বলা হয়েছে। প্রতিবেদনটিতে কথিত ফোনালাপের দাবি তুলে ধরার পাশাপাশি বলা হয়েছে, ভারত সরকার, রাশিয়া, ক্রেমলিন কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। সরকারি বা বেসরকারি কোন সূত্র এর সত্যতা নিশ্চিত করেনি। অর্থাৎ একই দাবিকে উপস্থাপনের ক্ষেত্রে হিন্দুস্তান টাইমস বাংলা এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে না দেখে ‘জল্পনা’ হিসেবে চিহ্নিত করেছে। কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে একজন সাবেক রাষ্ট্রপ্রধানের কথিত ফোনালাপের মতো স্পর্শকাতর তথ্য প্রকাশের ক্ষেত্রে সূত্রের বিশ্বাসযোগ্যতা ও স্বাধীন যাচাই গুরুত্বপূর্ণ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিন্দুস্তান টাইমসে খবরটি সত্য হওয়ার কারণ হিসেবে অর্গানাইজার এ প্রকাশিত আর্টিকেল এর একটি বয়ান প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘প্রচারিত দাবি অনুযায়ী, ব্রিকস সম্মেলনের সময় প্রায় ২০ মিনিট হাসিনার সঙ্গে কথা বলেন পুতিন। সেই সময় ঘরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এই ফোনালাপের খবর এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। ভারত সরকার, রাশিয়া, ক্রেমলিন বা শেখ হাসিনার পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। কথোপকথনের কোনও সরকারি ট্রান্সক্রিপ্ট বা বিস্তারিত বিবরণও প্রকাশ্যে আসেনি।

তবু এই দাবি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং তাঁর সরকারের সময় থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে রাশিয়ার সহায়তায় তৈরি হওয়া বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্প দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

প্রায় ১২ বিলিয়ন ডলারের এই প্রকল্পে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিয়ার উপর পশ্চিমি নিষেধাজ্ঞার কারণে লেনদেন ও অর্থপ্রদানে সমস্যা তৈরি হওয়ার পর বিকল্প পদ্ধতিতে অর্থ মেটানোর বিষয়েও আলোচনা হয়েছে। ভারতীয় মুদ্রায় অর্থপ্রদানের সম্ভাবনাও উঠে এসেছে। ফলে রূপপুর প্রকল্প শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও প্রযুক্তিগত উপস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে পুতিন-হাসিনা ফোনালাপের খবর সত্যি হলে, রাশিয়ার বাংলাদেশ নীতি এবং হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। তবে আপাতত এই দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা যাচ্ছে না।’

‘এই পরিস্থিতিতে……তবে আপাতত এই দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা যাচ্ছে না।’ হিন্দুস্তান টাইমসের সংবাদ থেকে এই অংশ বাদ দিয়ে বাকি বয়ান অপরিবর্তিতভাবে মানবজমিনও ব্যবহার করেছে।

মানবজমিনে নতুন করে উল্লেখ করা হয়েছে, ‘ দিল্লির একটি সাংবাদিক সূত্র এই দাবির সত্যতা নিশ্চিত না করলেও জানিয়েছে, বিষয়টি অসম্ভব নয়। কেননা, এই সব রাষ্ট্র নেতাদের অধিকাংশের সঙ্গে হাসিনা তার শাসনামলে বিশেষ পরিচিত ছিলেন। অনেকের সঙ্গে ঘনিষ্ঠতাও ছিল তার। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গেও শেখ হাসিনার ঘনিষ্ঠতার কথা সর্বজনবিদিত।

তবে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়ে সমাজমাধ্যম এবং কূটনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে। নয়াদিল্লিতে থাকার সময় পুতিন নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। অনলাইনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।’

মানবজমিনে পত্রিকাটির কলকাতার নিজস্ব প্রতিনিধির নামে সংবাদটি প্রকাশ করা হয় ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টার দিক, অর্থাৎ হিন্দুস্তান টাইমস বাংলায় সংবাদ প্রকাশের পরে।

প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে একই দাবি একই ভাষ্য ও বয়ানে ছড়িয়ে পড়ে। জাগো বাংলায় ‘পুতিনের সঙ্গে হাসিনার ফোনালাপ’ শিরোনামে খবর প্রকাশ করা হয়।

এরপর বাংলা অ্যাফেয়ার্সে ‘শেখ হাসিনা-পুতিন ফোনালাপ, বাড়ছে কৌতূহল’ শিরোনামে একই বিষয় প্রকাশিত হয়।এখানে দেখুন

কালের নিউজ ২৪-এ ‘শেখ হাসিনা-পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এখানে দেখুন

রেডটাইমসেও ‘হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়।এখানে দেখুন

দিকদর্শনে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল ‘হাসিনা-পুতিন ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে গুঞ্জন’। প্রতিবেদনটি এখানে

মানবজমিনে প্রকাশিত রিপোর্টের বরাতে একটি 'দিল্লিতে হাসিনাকে পুতিনের ফোন' শিরোনামে কনটেন্ট বানিয়েছেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নবনীতা চৌধুরী।

এখানে লক্ষ্য করার বিষয় হলো, এসব প্রতিবেদনের বড় অংশেই মূল তথ্যের উৎস হিসেবে অর্গানাইজারের প্রতিবেদনকে কেন্দ্র করে একই দাবির পুনরুৎপাদন দেখা যায়। কিন্তু ফোনালাপের অস্তিত্ব যাচাই করতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, সরকারি নথি কিংবা স্বাধীন কোনো প্রাথমিক সূত্র হাজির করা হয়নি।

বেঙ্গল লেন্সের পর্যবেক্ষণ

হাসিনা-পুতিন কথিত ফোনালাপের এই ঘটনা মূলত একটি তথ্য কীভাবে একটি মতাদর্শিকভাবে অবস্থানসম্পন্ন বিদেশি প্রকাশনা থেকে শুরু হয়ে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যমে পুনরুৎপাদিত হয়েছে, তার একটি উদাহরণ।

প্রথমে অর্গানাইজারে ফোনালাপের দাবি প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের একাধিক অনলাইন সংবাদমাধ্যমে সেটি ‘ফোনালাপ’, ‘কূটনৈতিক মহলে জল্পনা’, ‘গুঞ্জন’ কিংবা ‘আলোচনা’ হিসেবে প্রকাশ পেতে থাকে। ফলে একটি অযাচাইকৃত দাবি পুনঃপ্রকাশের মাধ্যমে ধীরে ধীরে সংবাদমূল্যের একটি প্রতিষ্ঠিত তথ্যের রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়।

বিশেষ করে অর্গানাইজারের মতো একটি নির্দিষ্ট রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থানের প্রকাশনা কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক দাবি প্রকাশ করলে সেটিকে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। কিন্তু পরবর্তী বাংলাদেশি প্রতিবেদনগুলোতে মূল দাবিটির স্বাধীন প্রমাণ কতটা যাচাই করা হয়েছে, তা স্পষ্ট নয়।

‘কূটনৈতিক মহলে আলোচনা’, ‘জল্পনা’ বা ‘গুঞ্জন’ শব্দ ব্যবহার করলেই কোনো অযাচাইকৃত তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হয় না। কূটনৈতিক মহলে কোনো তথ্য নিয়ে আলোচনা হচ্ছে বলে দাবি করা হলে সেই মহলের পরিচয়, বক্তব্যের উৎস এবং তথ্য যাচাইয়ের সুযোগ থাকা প্রয়োজন। অন্যথায় ‘কূটনৈতিক সূত্র’ বা ‘কূটনৈতিক মহল’ একটি অস্পষ্ট উৎস হিসেবে থেকে যায়।

বর্তমান প্রকাশ্য তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের কথিত ফোনালাপের দাবির পক্ষে কোনো সরকারি ট্রান্সক্রিপ্ট বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকৃত তথ্য পাওয়া যায়নি। ফলে এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপনের পরিবর্তে ‘অযাচাইকৃত দাবি’ বা ‘প্রকাশ্য প্রমাণহীন জল্পনা’ হিসেবে উল্লেখ করাই পেশাদার সাংবাদিকতা।

এ বিষয়ে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বেঙ্গল লেন্সকে বলেন, ‘অভিযোগের বিষয়ে কলকাতা প্রতিনিধিকে জিজ্ঞেস করা হবে।’