জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলো। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় তাঁকে ধাওয়া করা এবং ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঘটনার বিবরণ উপস্থাপনের ক্ষেত্রে একধরনের উদযাপনের সুর লক্ষ করা গেছে। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরা হয়নি। বরং হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আড়াল করে হাসিবের ব্যক্তিগত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। কয়েকটি গণমাধ্যমের শিরোনামে ‘দৌড়ে প্রাণ রক্ষা’, ‘দৌড়ে রক্ষা’ ধরনের শব্দচয়ন করা হয়েছে। এসব শিরোনামে হামলার ঘটনাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অতর্কিত ছুরিকাঘাতের চেষ্টা থেকে বাঁচতে হাসিবের সরে আসার বিষয়টিকে ব্যাঙ্গাত্মকভাবে সামনে আনা হয়েছে।
দৈনিক কালবেলা হাসিবের ওপর হামলার ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করে, “ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে প্রাণ রক্ষা”। প্রতিবেদনে রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপনের বরাত দিয়ে বলা হয়, তিনি কালবেলা অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বপন বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’
অন্যদিকে, কালের কণ্ঠ শিরোনাম করে “ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের উপর হামলা, দৌড়ে রক্ষা”। প্রতিবেদনের ভেতরে হামলাকারীদের পরিচয় হিসেবে 'দুর্বৃত্ত' শব্দটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পত্রিকাটির আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, “স্ত্রী পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব, রুম নম্বর ১১৮”। অর্থাৎ হামলার ঘটনার পাশাপাশি হাসিবের ব্যক্তিগত বিষয়ও আলাদা প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। পরবর্তীতে এই ফটোকার্ডটি ফেসবুক থেকে সরিয়ে ফেলে কালের কণ্ঠ।
দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম ছিলো, স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা। শিরোনামে আড়াল করা হয় হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের পরিচয়। অনলাইন পোর্টাল এনপিবি প্রতিবেদনের শিরোনাম করে, “স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছিলেন ছাত্রশক্তির হাসিব”।
ইংরেজি পত্রিকা ডেইলি টাইমস অব বাংলাদেশ শিরোনাম করে, “স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ঢাবি ছাত্রশক্তির সভাপতি, হামলার শিকার”। এ শিরোনামে হামলার ঘটনার চেয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে অবস্থানের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের পরিচয়ও স্পষ্ট করা হয়নি। প্রতিবেদনের ভেতরেও হামলায় জড়িত ব্যক্তিদের আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে শনাক্ত করার বিষয়টি উঠে আসেনি।
হামলার সময় হাসিবের সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী বলে নিশ্চিত করেছেন আগামীর সময়ের সাংবাদিক আমজাদ হোসেন। অথচ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ওই নারীকে ‘স্ত্রী পরিচয়ে নারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁরা ওই নারী প্রকৃতপক্ষে হাসিবের স্ত্রী কি না, তা যাচাইয়ের চেষ্টা না করেই এমন শিরোনাম প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিবেদনের উপস্থাপনায় নিজেদের ধারণার ভিত্তিতে ওই নারীর পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার প্রবণতাও দেখা গেছে।
খবরের কাগজ পত্রিকা তাদের অফিশিয়াল পেজে ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেয়, ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হা/ম/লা, দৌড়ে র/ক্ষা।
গণমাধ্যমের প্রতিবেদনে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় আড়াল করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হামলার ঘটনাকে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে।
হামলার ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, "সমন্বয়ক জুলাই জং#গী হাসিবুল শ্রীমঙ্গল রাধানগরে বাদাম খেয়ে কাইত....ভাড়া করা মা%গীসহ।"